ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভাড়াটিয়া উচ্ছেদ সংক্রান্ত একটি মামলার নথিপত্র ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালত থেকে দুর্নীতির মাধ্যমে গায়েব করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার মামলার বাদীর আইনজীবী মো. নুরুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ২৪ মে আদালত থেকে জানানো হয়েছে মামলার নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব নথিপত্রের মধ্যে আছে বিবদমান বাড়ির মূল দলিলসহ মালিকানা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র।"
নথিপত্র গায়েব হওয়ার কারণে মামলার কার্যক্রমের পরবর্তী তারিখ দিতে পারছেন না বিচারক।
এ বিষয়ে মো. নুরুল আলম ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালতের সেরেস্তাদার শেখ অহীদুজ্জামান ও পিয়ন ইয়াজউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ওই আদালতে ৩ জুন লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি বলেন, "চকবাজার এলাকার ৭৭ নম্বর বীরেন বোস স্ট্রিটের একটি দোকানের ভাড়াটিয়াকে উচ্ছেদ করার জন্য ঢাকার তৃতীয় সহকারী জজ আদালতে মামলা করেন ফজলুল রহিম। পরে মামলাটি ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালতে পাঠানো হলে ওই আদালতের সেরেস্তাদার শেখ অহীদুজ্জামান গত ২১ মে তা গ্রহণ করেন।"
এরপর বাদী ফজলুর রহিমের ছেলে ফজলুর রহমান ২৪ মে মামলাটির নতুন নম্বর ও তারিখ জানতে আদালতে গেলে সেরেস্তাদার অহীদুজ্জামান জানান, নথি খুঁজে পাওয়া যাচ্ছে না।
ফজলুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অহীদুজ্জামান ও আদালতের পিয়ন ইয়াজউদ্দিন মামলাটির নথিপত্র গায়েব করে দিয়েছেন। এখন অহীদুজ্জামান নিজেকে একজন বিচারপতির ভাগ্নে দাবি করে বলছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না।"
মামলার বিবাদী হাবিবুর রহমানের ছেলে আরিফুর রহমানের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে আদালতের ওই দুই কর্মচারী নথিপত্র গায়েব করেছেন বলেও দাবি করেন ফজলুর রহমান।
এদিকে, আইনজীবী মো. নুরুল আলম সাংবাদিকদের লিখিত এক বিবৃতিতে জানান, "অভিযোগ দাখিল করার দিনই জজ আদালতের তৎকালীন বিচারক মামুন অর রশিদ শেখ নথিপত্রের বিষয়ে অহীদুজ্জামানকে প্রশ্ন করলে করলে তিনি তা গ্রহণের কথা স্বীকার করেন। এ সময় বিচারক তাকে নথি খুঁজে বের করার জন্য সাতদিনের সময় দেন।"
এসব অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন সেরেস্তাদার শেখ অহীদুজ্জামান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি আর্থিক সুবিধাও নেইনি এবং নথিপত্রও গায়েব করিনি। সেগুলো শুধু খুঁজে পাচ্ছি না।"
এ বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নথি সংরক্ষণের ক্ষেত্রে দেওয়ানি আদালত শতভাগ নিরাপত্তা দিতে পারছে না। এর প্রধান কারণ বেশিরভাগ দেওয়ানি আদালতের এজলাস একভবনে আর সেরেস্তা অন্য ভবনে।"
তিনি বলেন, "একটি নথি অনেক কর্মচারীর হাতে যায়। কম্পিউটারাইজড পদ্ধতি চালু না হওয়া পর্যন্ত এগুলোর নিরাপত্তা রক্ষা করা যাবে না। পাশাপশি কর্মচারীদের দুনীতির সুযোগ থেকে যাবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরবি/এসএনডি/এমএইচবি/০০৫৩ ঘ.
bdnews24