ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফো ডটকম)- টঙ্গী, গাজীপুর ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শনিবার ৪ জনের মৃত্যু হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
গাজীপুর: টঙ্গী-কালীগঞ্জ সড়কের শিলমুন পশ্চিমপাড়া এলাকায় শনিবার বিকালে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় শিমলা আক্তার (৯) নামে এক বালিকার মৃত্যু হয়েছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, শিমলা শিলমুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকসহ চলক তৈয়ব আলী ও হেলপার জসিমকে আটক করে।
এব্যাপারে টঙ্গী থানায় একটি মামলা হয়েছে।
এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শনিবার দুপুরে একটি ট্রাক একটি রিক্সাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশাযাত্রী হযরত আলী উজ্জ্বল (৩৫) নিহত হন। দুর্ঘটনায় রিকশা চালক আহত হন।
জয়দেবপুর থানার দায়িত্বরত কর্মকর্তা শাহ আলম জানান, নিহত উজ্জ্বলের বাড়ি চাঁদপুরের মতলবে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
গাইবান্ধা: রংপুর-বগুড়া মহাসড়কের সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে শুক্রবার রাতে একটি যাত্রীবাহী বাস একটি রিক্সা-ভ্যানকে ধাক্কা দিলে দুইজন নিহত ও তিন জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, রহিমা বেগম (৩২) ও তার শিশু পুত্র রাকিব হাসান (৭)।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার জানান, নিহতরা উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মোংলাপাড়া গ্রামের বাসিন্দা। তারা রিক্সা-ভ্যানে করে ধাপেরহাট থেকে বাড়ি ফিরছিলেন।
সুব্রত কুমার জানান, রংপুর থেকে গাইবান্ধাগামী মা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহি বাস রিক্সা-ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। এসময় রহিমা বেগম ও রিক্সাভ্যানের চালক আমিরুলসহ (৪০) চারজন আহত হন। গুরুতর আহত অবস্থায় রহিমা বেগমকে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করার পর তার মৃত্যু হয়।
আমিরুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/০০০৩ ঘ.
bdnews24