ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ধীরে ধীরে কঙ্কাল বেরিয়ে আসছে সুরম্য র্যাংগস ভবনের। হাতুড়ির ঘটাঘট আর বৈদ্যুতিক ড্রিল- হ্যামারের একটানা ঘড়ঘড় শব্দে চলছে ভবনটি ছেঁটে ফেলার কাজ।
দুইদিনের হাতুড়ির ওঠানামায় চকচকে যৌবন হারিয়ে র্যাংগস ভবন শনিবার জবুথবু বার্ধক্যে উপনীত হয়েছে।
ভবনের ওপরের ১৬ তলার কাঁচের প্যানেল ভেঙে ফেলা হয়েছে। বাইরে থেকে দেখা যাচ্ছে ভবনের সিলিং আর পিলার। ঝুলছে থাই এলুমিনিয়ামের পাতগুলো। বিভিন্ন তলায় কয়েকটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র এখনও রয়ে গেছে।
রাজউকের ম্যাজিস্ট্রেট ইমদাদুদ দস্তগীর বললেন, "কাজ চলছে পুরোদমে। ৭ তলা থেকে প্রতি তলার ছাদে ১০ বর্গফুট করে ৫টি ফুটো করা হচ্ছে। ভেঙে ফেলা ইট-কংক্রিট এ ফুটোগুলো দিয়ে নিচে ফেলা দেওয়া হবে। পরে ছয়তলা থেকে এসব ইট-কংক্রিট সরিয়ে ফেলা হবে।"
তিনি বলেন, "রোববার পূর্ত মন্ত্রণালয়ের একটি সভায় র্যাংগস ভবনের বিষয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এটি ভাঙার কাজ কীভাবে হবে, ভাঙার কাজ বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে কীনা বা র্যাংগস ভবনের জমি অধিগ্রহণ করে পুরো ভবনটিই ভেঙে ফেলা হবে কীনা এ ধরণের যে কোনও একটি সিদ্ধান্ত এ সভায় হবে। তবে আমি এ বিষয়ে ভাল বলতে পারব না। পূর্তসচিব আমাকে সভার কথা জানিয়ে সেখানে উপস্থিত হতে বলেছেন।"
রাজউকের উপ--সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, "ভেতরের পার্টিশন ভাঙার কাজ করা শেষ। এখন ছাদের কাজ চলছে।"
মাঝে মাঝেই ভবনের ভেতর থেকে উড়ে গিয়ে বাইরের রাস্তায় বাতাসে ভাসছে র্যাংগস গ্র"পসহ বিভিন্ন প্রতিষ্ঠানের রঙ-বেরঙের দাপ্তরিক কাগজ । সামনের প্যানেলের কাঁচগুলো খুলে নেওয়ায় সেখানটা এখন ফাঁকা। দেখা যাচ্ছে ভেতরকার দেয়াল আর সিলিং। সব তলা থেকে মালামাল নামানো শেষ। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচুর কেব্ল রয়ে গেছে ভেতরে। শ্রমিকদের হাতুড়ির ঘায়ে চূর্ণ বিচূর্ণ হচ্ছে বাথরুমের দামি দামি সামগ্রী।
দুপুরে গিয়ে দেখা যায়, ভেঙ্গে ফেলা হয়েছে ভেতরের দেওয়ালগুলো। শুধু পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে ১৬টি তলা।
শ্রমিক রোকন জানালেন, তারা কাজ চালিয়ে যাচ্ছেন। তবে তিনি এর আগে কোনও ভবন ভাঙার কাজ করেননি। পরিকল্পনা মোতাবেক ভবনের ৮ম তলায় ১০ বর্গফুটের একটি গর্ত করা হয়েছে।
র্যাংগস ভবনের কর্মকর্তা-কর্মচারীরা বিকেলে ভবনসংলগ্ন রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে করেন। এতে র্যাংগসের প্রায় ২০০ কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে কর্মকর্তারা তাদের ক্ষোভের কথা জানান।
কর্মকর্তা এমএ হালিম বলেন, "হাতুড়ির ঘা র্যাংগস ভবনে নয় পড়ছে আমাদের বুকের ওপর। রাজউকের লোক এক সঙ্গে বাঁশি বাজিয়ে ভবনের কাঁচ ভাঙলো। আমরা বললাম থাই এলুমিনিয়াম গুলো থাক আমরা খুলে নেব। তাও তারা শুনলো না।"
কর্মকর্তা মাহাবুবা ইসলাম বললেন, "একজন আসামিকে ফাঁসির দণ্ড দেওয়ার পর তার হাতে রায়ের কপি পৌঁছানো হয়। তার শেষ ইচ্ছে জানতে চাওয়া হয়। আর র্যাংগস ভবনে সরাসরি ১২ হাজার লোক কাজ করে। আরও ২৪ হাজার লোক এখানকার দপ্তরগুলোর বিভিন্ন কারখানায় কাজ করছে। অথচ এতোগুলো মানুষের রুটি-রুজির কোনও চিন্তাই সরকার করল না। আমরাও তো এদেশের নাগরিক। তিনটা দিন সময় দিলে কী হতো?"
রাজউক কেন এ ভবনের অনুমতি দিয়েছিল এ প্রশ্ন তুলে প্রকৌশলী শাহ আলম বলেন, " এই যে ১২/১৪শ' কোটি টাকা নষ্ট হলো এর দায় কে নেবে। র্জাউক তাদের কোন পাপ ঢাকার জন্য এ কাজ করছে তা খতিয়ে দেখতে হবে।"
র্যাংগস ভবন ভাঙার সময় অনাকাক্সিক্ষত দূর্ঘটনায় প্রাণহানি এড়াতে দু'টি গাড়িসহ দমকল কর্মীরা ভবন থেকে একটু দূরে অবস্থান করছেন। ভাসানী নভোথিয়েটারের ফটক ও সামরিক জাদুঘরের ফটকের সামনে দাঁড়িয়ে রয়েছে দমকলের দুটি গাড়ি। দমকল সদরদপ্তরের স্টেশন কর্মকর্তা মো. শামীম মিয়া জানালেন, "তাদের একটি পানিবাহী গাড়ি ও একটি উদ্ধার গাড়ি (ইটি) শুক্রবারও ছিল। শনিবারও রয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/২২০৩ ঘ.
bdnews24