২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা পরিস্থিতি এখন জাতীয় দুর্যোগ: বিজিএমইএ

বর্তমান বন্যা পরিস্থিতিকে একটি জাতীয় দুর্যোগ চিহ্নিত করে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সব বাণিজ্যিক সংগঠনকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানি সংস্থা (বিজিএমইএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 03:09 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বর্তমান বন্যা পরিস্থিতিকে একটি জাতীয় দুর্যোগ চিহ্নিত করে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সব বাণিজ্যিক সংগঠনকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানি সংস্থা (বিজিএমইএ)। বন্যার্তদের সাহায্যের জন্য সংগঠনটির ত্রাণ কার্যক্রম নিয়ে বিজিএমইএ সম্মেলন কক্ষে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে লিখিত বক্তব্যে বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, "দেশের ৪৬টি জেলা এরই মধ্যে বন্যা কবলিত, ৩২টিতে পরিস্থিতি সঙ্কটজনক। সরকার ঘোষণা দিক আর না-ই দিক আমরা মনে করি বর্তমান পরিস্থিতি এক জাতীয় দুর্যোগ।" বন্যার্তদের সাহায্যের জন্য বাণিজ্য সংগঠনসহ বেসরকারি সংগঠন ও রাজনৈতিক দলগুলো এখনো মাঠে না নামায় উদ্বেগ প্রকাশ করে তিনি। বিজিএমইএ সভাপতি বলেন, "সহায়তা দিতে বিজিএমইএ ২৭ জন পরিচালকের অনুদানে ২৫ লাখ টাকার তহবিল করেছে। এছাড়া আগামী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার তহবিলে ১০ লাখ টাকা দেওয়া হবে। বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণের জন্য শনিবার থেকে একটি 'ফ্লাড সেল' খোলা হয়েছে। এই সেলের অধীনে ঢাকা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও নেত্রোকোনায় পাঁচটি সেন্টার খোলা হবে।" এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদেশি সাহায্যের প্রয়োজন নেই। এদিকে, শনিবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পরিচালকদের এক জরুরি সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে সহায়তা দেওয়ার জন্য সব বাণিজ্য সংগঠনকে আহ্বান জানানো হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর নাসির। এফবিসিসিআই এর আগেই সরকারের ত্রাণ তহবিলে সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এসএনডি/২১০৩ ঘ.