ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যা মোকাবেলায় জরুরি ভিত্তিতে সবার কাছে সাহায্য চাওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
শনিবার বগুড়ায় সাংবাদিকদের তিনি বলেন, "বন্যায় দেশের যে অবস্থা হয়েছে, তাতে প্রধান উপদেষ্টা জরুরি ভিত্তিতে দলমত নির্বিশেষে সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানাতে পারেন।"
একইদিন ড. কামাল গাইবান্ধায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে দুর্গতদের খোঁজ খবর নেন।
আমাদের বগুড়া প্রতিনিধি জানান, গাইবান্ধা যাওয়ার পথে দুপুর ৩টার দিকে বগুড়া পর্যটন মোটেলে যাত্রা বিরতি দেন ড. কামাল। ওই সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ড. কামাল বলেন, "বন্যা পরিস্থিতি এখন ভয়াবহতার কাছাকাছি। তাই সরকারকে সজাগ থাকতে হবে যেন একটি মানুষও না খেয়ে মারা না যায়।"
বন্যার কারণে কৃষকদের ক্ষয়-ক্ষতি পুষিয়ে দিতে সরকারকে রোপা আমন বীজ সহ সব ধরনের সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি।
ড. কামাল বলেন, "নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। সরকারকে এমন পদক্ষেপ নিতে হবে, যেন মানুষ খেয়ে পরে বাঁচতে পারে।"
বর্তমান সরকারের কার্যক্রমের মূল্যায়ন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে গণফোরাম সভাপতি বলেন, "সরকারের কার্যক্রম অত্যন্ত ইতিবাচক।"
গাইবান্ধা প্রতিনিধি জানান, ড. কামাল হোসেন শনিবার বিকালে সদর উপজেলার পূর্বকোমরনই গোদারহাট গ্রাম পরিদর্শন করেন। তিনি সোনাইল বাঁধে আশ্রিত মানুষের খোঁজ খবর নেন এবং তাদের সমস্যার কথা সরকারকে জানানোর আশ্বাস দেন।
ওই সময় ড. কামাল সাংবাদিকদের বলেন, "কোনও রাজনৈতিক নেতা হিসেবে নয় একজন স্বেচ্ছাসেবক হিসেবে বন্যার্তদের পাশে দাঁড়াতে এসেছি। জনগণের ঐক্য গড়ে তোলা ছাড়া বন্যা বা প্রাকৃতিক কোন দুর্যোগ কখনই সুষ্ঠুভাবে মোকাবেলা করা সম্ভব নয়।"
বন্যা মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে গণফোরাম প্রধান বলেন, "জনকল্যাণে যারা রাজনীতি করেন, তারা কেন ত্রাণ তৎপরতায় এগিয়ে আসছেন না? ত্রাণ তৎপরতায় তারা তো কোন বাধার সম্মুখিন হচ্ছেন না।"
ত্রাণ কার্যক্রমের সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ড. কামাল।
ড. কামালের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন গণফোরাম নেতা আব্দুর রউফ, মফিজুল ইসলাম খান কামাল, সগীর আনোয়ার, মাহাবুব আলী প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএইচবি/২০১৮ ঘ.
bdnews24