২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায়ের সাইরেনও বাজেনি পিপলস জুটমিলে

হুইসেল বাজানোর কথা থাকলেও শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বন্ধ হয়ে গেল খুলনার পিপলস জুটমিল। মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় র‌্যাব সদস্যরা মিলগেটের নোটিশ বোর্ডে বন্ধের চূড়ান্ত নোটিশটি টানিয়ে দেন। বিক্ষুব্ধ শ্রমিকরা পাওনা টাকা বুঝে না পাওয়া পর্যন্ত মিল কলোনি ছাড়বেন না বলে জানিয়েছেন। মিলের মোটা তাঁত বিভাগের শ্রমিক আবদুস সবুর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেন, "সরকার আমাদের পথে নামিয়েছে। পাওনা টাকা না পাওয়া পর্যন্ত আমাদের কেউ কলোনি ছাড়বে না। প্রয়োজনে নতুন করে আন্দোলন শুরু করা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 05:16 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

খুলনা, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হুইসেল বাজানোর কথা থাকলেও শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বন্ধ হয়ে গেল খুলনার পিপলস জুটমিল। মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় র‌্যাব সদস্যরা মিলগেটের নোটিশ বোর্ডে বন্ধের চূড়ান্ত নোটিশটি টানিয়ে দেন। বিক্ষুব্ধ শ্রমিকরা পাওনা টাকা বুঝে না পাওয়া পর্যন্ত মিল কলোনি ছাড়বেন না বলে জানিয়েছেন। মিলের মোটা তাঁত বিভাগের শ্রমিক আবদুস সবুর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেন, "সরকার আমাদের পথে নামিয়েছে। পাওনা টাকা না পাওয়া পর্যন্ত আমাদের কেউ কলোনি ছাড়বে না। প্রয়োজনে নতুন করে আন্দোলন শুরু করা হবে।" মঙ্গলবার রাতে টানিয়ে দেওয়া পিপলস জুটমিলের প্রকল্প প্রধান মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ২৫ জুলাই বিজেএমসি'র পাঠানো ফ্যাক্স বার্তার সিদ্ধান্তের আলোকে ৩১ জুলাই তারিখ শেষে ১২ টা ১ মিনিট হতে মিলটি বন্ধ ঘোষণা করা হল। ২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী পরবর্তী সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় নোটিশে। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই পাটকলটি বন্ধ করে দেওয়া সম্পর্কে মাহবুবুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯ এপ্রিল লে-অফ ঘোষণার কারণে তখন থেকেই মিলটি একভাবে বন্ধ হয়ে গেছে। এজন্য সাইরেন বাজিয়ে নতুনভাবে বন্ধ করার সুযোগ ছিল না।" মঙ্গলবার শেষ মুহূর্তেও শিল্পাঞ্চলের শ্রমিকরা মেনে নিতে পারছিলেন না মিল বন্ধের সিদ্ধান্ত। সন্ধ্যার পর থেকে তারা মিলগেট ও আশপাশে জড়ো হয়ে শেষ হুইসেল শোনার অপেক্ষা করতে থাকেন। নির্বাক এসব শ্রমিকদের অনেকেরই চোখে ছিল পানি। পাটকলটি বন্ধের আগে গত দুই মাসে প্রায় সাড়ে তিন হাজার নিয়মিত শ্রমিক কর্মচারী ও দেড় হাজার বদলি শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। সর্বশেষ ২৫ জুলাই এক ফ্যাক্স বার্তায় বাকি ৩৫ কর্মচারীকেও ছাঁটাই করার নির্দেশ দেয় বিজেএমসি। ছাঁটাইয়ের তালিকায় পিপলস জুটমিল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনও বাদ যাননি। অবশ্য পিপলস জুটমিল স্কুলের ২৩ জন শিক্ষক ও কর্মচারীকে ছাঁটাই করা হয়নি। এছাড়া মিলের রক্ষণাবেক্ষণের জন্য রয়ে গেছেন ৬৪ জন নিরাপত্তা রক্ষী। মিলের ৪২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে বিজেএমসি'র আঞ্চলিক কার্যালয়ে। পাটকলটি বন্ধ হয়ে গেলেও এর দায়দেনা পরিশোধের বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। পাটকলের স্থাবর অস্থাবর সম্পত্তির দাম প্রায় পাঁচশ কোটি টাকা। বন্ধের পর এসব সম্পত্তি ও যন্ত্রপাতি কী করা হবে সে বিষয়েও সিদ্ধান্ত নেয়নি সরকার। এর আগে গত ২২ জুলাই শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, পিপলস জুটমিলসহ বন্ধ ঘোষিত চারটি পাটকলের শ্রমিকদের বকেয়া পাওনা জুলাই-আগস্টের মধ্যে গোল্ডেন হ্যান্ডশ্যাকের মাধ্যমে মিটিয়ে দেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/এমএইচবি/২২৫৮ঘ.