ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল সদর থানার বড়ুরিয়াতে টাঙ্গাইল-সুরুয-বল্লা সড়কের এলংজানী নদীর ব্রিজটি মঙ্গলবার বিকেলে পানির তীব্র স্রোতে ধসে গেছে। এ সময় ব্রিজের ওপর থাকা ১০ জন পানির তোড়ে ভেসে যান। রাত সাড়ে ১০টা পর্যন্ত তাদের মধ্যে দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, এলংজানী নদীর ওপর দেড়শ ফুট দীর্ঘ ব্রিজটির মাঝামাঝি প্রায় ৫০ ফুট স্প্যান পিলারসহ বিকেল সাড়ে ৫টার দিকে ধসে পড়ে। এ সময় ব্রিজের ওপরে থাকা ১০ জন তীব্র পানির স্রোতে ভেসে যান। এদের আটজন তীরে উঠতে পারলেও মামুন (১০) ও সদরুল মিয়া (৭০) নিখোঁজ রয়েছেন।
তিনি জানান, ১৯৯৭-৯৮ অর্থবছরে টাঙ্গাইল এলজিইডি ওই ব্রিজটি তৈরি করে।
এদিকে, টাঙ্গাইল শহররক্ষা বাঁধের তিন জায়গায় সোমবার রাতে ও মঙ্গলবার ভেঙে গেছে। এর মধ্যে ঘারিন্দা ইউনিয়নের বিরনাহালী এলাকায় শহররক্ষা বাঁধ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়।
গালা ইউনিয়নের গালাতে ও বাঘিনী ইউনিয়নের পিচুরিয়াতেও শহর রক্ষা বাঁধ ভেঙে গেছে। এছাড়া শহররক্ষা বাঁধের আরও ১০ জায়গায় ফাটল দেখা দিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/১১১০ ঘ.
bdnews24