রাজশাহী, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনুসহ ১১ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় বাদি শামসুল ইসলাম খানের সাক্ষ্য নিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ-৩ এর বিচারক আবু সালেহ শেখ মো. জহিরুল হকের আদালতে এ সাক্ষ্যগ্রহণ হয়। সাক্ষ্য দেওয়ার জন্য এদিন আদালতে হাজির ছিলেন এভারগ্রীন মডেল কলেজের অধ্যক্ষ খালেদ সাইফুল্লাহ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ সেলিম ও কলেজ শিক্ষক মিন্টু। তবে তাদের সাক্ষ্য আগামী ২ আগস্ট নেওয়া হবে বলে আদালত জানায়।
সাক্ষ্য গ্রহণের সময় মেয়র মিনুসহ গ্রেপ্তারকৃত সব আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার আসামি শফিকুল হক মিলন পলাতক রয়েছেন।
গত ১৬ মে মেয়র মিনু, মহানগর বিএপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির সহসভাপতি নজরুল হুদা, বিএনপি নেতা তাজ উদ্দিন ওরফে সেন্টু, মাইনুল, ইসলাম, বাবু, রঞ্জু, আশরাফ, সামশুল, আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান সরকার।
এরপর ২৬ জুলাই আদালতে মামলার অভিযোগ গঠন হয়।
অভিযোগপত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, চলতি বছর ২৯ মে মহানগরীর রাজপাড়া থানা এলাকার বহরমপুর চৌরাস্তা বাইপাস মোড়ে আসামিরা এভারগ্রিন মডেল কলেজ গভর্নিং বডির সদস্য ও কলেজ ভবন নির্মাণ কমিটির আহবায়ক এবং মামলার বাদি শামসুল ইসলাম খানের কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি মতো টাকা না পেয়ে আসামিরা ভবন নির্মাণের জন্য রাখা ২৫ হাজার টাকা মূল্যের ইট লুট করে। হামলা চালিয়ে ভাংচুর ও নষ্ট করে ১৩ হাজার টাকা মূল্যের টেবিল, চেয়ারসহ নানা আসবাবপত্র।
ওই ঘটনায় গত ২১ এপ্রিল শামসুল ইসলাম খান বাদী হয়ে রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেন।
গত ৭ জুন মেয়র মিনু এ মামলায় আদালতে জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠিয়ে দেন। এর পর গত ১০ জুন উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে হন তিনি। কিন্তু পরদিনই তাকে আবার গ্রেপ্তার করে আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/এমআই/২০১৯ ঘ.
bdnews24