ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের শিল্পপতি ইঞ্জিনিয়ার আফসার উদ্দীনের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. আবদুল মতিন ও বিচারপতি মো. আবুদল হাই এর হাইকোর্ট বেঞ্চ আফসার উদ্দীনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
গত ৫ জুন চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় ইঞ্জিনিয়ার আফসার উদ্দিনের পরিত্যক্ত কারখানা থেকে চারটি রাইফেল, দুটি বন্দুক ও একটি পিস্তল উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সেদিনই বায়েজীদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা করেন পুলিশের উপ-পরিদর্শক আল আমিন। মামলাটি এখন চট্টগ্রাম মহানগর বিশেষ দায়রা জজ আদালতে বিচারাধীন।
মঙ্গলবার মামলা খারিজের আবেদনের শুনানিতে আফসার উদ্দিনের আইনজীবী আনিসুল হক আদালতকে বলেন, উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে ছয়টির লাইসেন্স আছে। অন্য একটি অস্ত্র ষড়যন্ত্রমূলকভাবে কারখানায় রাখা হয়েছে।
পরে আদালত মামলাটি কেন খারিজ করা হবে না তার কারণ জানাতে সরকারের প্রতি রুল জারি করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/২০০২ ঘ.
bdnews24