দিনাজপুর, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা শহরে প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে গুলি ও বোমা ফাটিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয় । জনতার প্রতিরোধে ৫রাউণ্ড গুলিভর্তি একটি পিস্তল ও একটি বোমাসহ ২ ছিনতাইকারী আটক হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ২নং উপ-শহর এলাকায় আকিজ গ্র"পের নেভী সিগারেটের স্থানীয় অফিস থেকে এরিয়া ম্যানেজার আফতাব উদ্দিন ৪ লাখ ৪৩ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে গাড়িতে ওঠার সময় অস্ত্রধারী ৪ ছিনতাইকারী চড়াও হয়। তারা চালক নূর আবেদিনের মাথায় আঘাত করে গাড়ি নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত পালাতে গিয়ে পাশ্ববর্তী একটি বাড়ির ওপর উঠিয়ে দেয়।
এ সময় আকিজ গ্র"পের কর্মচারীদের চিৎকারে লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা ৩টি হাতবোমা বিস্ফোরণ ও এক রাউণ্ড গুলি ছুঁড়ে পালাতে থাকে। এ সময় জনতা হারুন (৩২) ও সিরাজুল ইসলামকে (৩০) আটক করে। অপর দুই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে আটক ছিনতাইকারীদের কাছ থেকে ৫ রাউণ্ড গুলি ভর্তি একটি পিস্তল ও একটি তাজা হাত বোমা উদ্ধার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/ ১৭০৩ ঘ.
bdnews24