ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মেঘনা ঘাট সাইট প্রিপারেশন প্রকল্পের কাজের ২৩ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী রফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি মামলায় বিচারক ছুটিতে থাকায় মঙ্গলবার রাষ্ট্রপক্ষে সাক্ষ্যগ্রহণ হয়নি।
ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতে বিচারাধীন এ মামলায় রফিকুল ইসলামকে সকাল ১১টায় হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৯ আগস্ট দিন ধার্য করা হয় । এর আগে এ মামলায় বাদির আংশিক সাক্ষ্য নেয়া হয়।
রফিকুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে একটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে এই বিদ্যুৎ প্রকল্পের কাজ পাইয়ে দিয়ে ঐ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় রমনা থানায়। ২০০২ সালের ৮ জানুয়ারি দুর্নীতি দমন ব্যুরোর টাস্ক ফোর্স-৪ এর পরিদর্শক মো. জাহিদ হোসেন রফিকুল ইসলাম ও তৎকালীন বিদ্যুৎ সচিব অরবিন্দ করের বিরুদ্ধে এ মামলা করেন। সে বছরেরই ৭ এপ্রিল শুধুমাত্র রফিকুল ইসলামকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি দীর্ঘদিন হাইকোর্টে স্থগিত ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে /১৫৪২ ঘ.
bdnews24