২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক কারখানা পুড়ে ছাই

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) সোমবার আগুনে তাইওয়ানের মালিকানাধীন একটি পোশাক কারখানা সম্পূর্ণ পুড়ে গেছে। রাত সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 06:10 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

সাভার, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) সোমবার আগুনে তাইওয়ানের মালিকানাধীন একটি পোশাক কারখানা সম্পূর্ণ পুড়ে গেছে। রাত সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে কারখানার নিচতলার গুদামে আগুন ধরে। দ্রুত তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। জং সাইন টেক্সটাইল লিমিটেড নামের এ কারখানার মহাব্যবস্থাপক সি দাবি করেছেন, তাদের এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পরপরই সাভার, টঙ্গী, গাজীপুর, ঢাকার রমনা, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থান থেকে অগ্নি নির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পাশাপাশি আটকে পড়া শ্রামিক ও কর্মকর্তাদের উদ্ধারে অংশ নেয় সাভার, আশুলিয়া ও ধামরাই থানা পুলিশসহ র‌্যাব, সেনাবাহিনী ও বিডিআরের সদস্যরা। এ সময় ৭০/৮০ জনকে উদ্ধার করা হয়। সন্ধ্যা ৬ টার দিকে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আহসাব উদ্দিন চৌধুরী, বেপজা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ আব্দুল্লাহ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ ঘটনাস্থলে যান। মেজর জেনারেল আহসাব উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নি নির্বাপক দল, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে। রাত ১০টার দিকে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের গ্র"প লিডার সিদ্দিক জানান, পুরো কারখানাটি পুড়ে গেছে। ভেতর থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। আগুন পুরোপুরি নেভাতে সারারাত লাগতে পারে। আগুনে কারখানার ১১ শ্রমিক আহত হয়েছেন বলে জানান থানা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শফিউদ্দিন সরকার। তাদের সবাইকে সাভার এনাম ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কারখানা ভবন থেকে লাফিয়ে পড়েই এদের বেশিরভাগ আহত হন। আগুনের ঘটনায় ডিইপিজেডের নতুন জোনের সব কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/এমএইচবি/২৩৫৯ ঘ.