ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের খাস জলাভূমি ও কৃষিভূমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বণ্টনের জন্য জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের 'কৃষি জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি' পুনর্গঠন করবে সরকার।
ভূমি মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় সোমবার এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। ভূমি ও আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের এতে সভাপতিত্ব করেন।
পরে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, জেলাসহ বিভিন্ন পর্যায়ে অনেক সরকারি জমি ভূমিদস্যুরা দখল করে রেখেছে। এসব খাস ও সরকারি জমি উদ্ধারের ব্যবস্থা নিচ্ছে সরকার। মন্ত্রণালয়ের ভূমি উদ্ধার কমিটি শিগগিরই এ জন্য অভিযান শুরু করবে।
উদ্ধার করা কৃষি ও জলাভূমিগুলো কৃষকদের মধ্যে বরাদ্দ করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, "এজন্য মাঠ পর্যায়ে কৃষি জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে এসব কমিটিতে স্থানীয় সাংসদসহ রাজনৈতিক লোকজন রাখা হয়েছিল। কিন্তু এখন সেখানে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নাগরিকদের মনোনয়ন দেওয়া হবে। তাদের মাধ্যমে প্রকৃত ভূমিহীনদের মধ্যে জমি বরাদ্দ দেওয়া হবে।"
মইনুল হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থানে মহাসড়কগুলোর পাশে বাজার বসছে। ফলে দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে। সরকার এ ধরনের কাঁচা বাজারগুলো পাশের খাস জমিতে স্থানান্তর করবে। কোথাও খাস বা সরকারি জমি পাওয়া না গেলে সেখানে জমি সংগ্রহ করে হলেও বাজার স্থানান্তরের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারিভাবে জমি হুকুম দখলের কারণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের আর্থিকভাবে পুনর্বাসন করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, "এর আগে সরকারিভাবে ভূমি হুকুম দখলের পর মালিকদের শুধু ক্ষতিপূরণ দেওয়া হতো। কিন্তু এখন থেকে এসব ভূমি মালিকদের আর্থিকভাবে পুনর্বাসনেরও ব্যবস্থা নেওয়া হবে।"
সভায় ভারপ্রাপ্ত ভূমি সচিব মোসলেহ উদ্দিন আহমেদ, ছয় বিভাগীয় কমিশনার, ভূমি আপিল বোর্ড ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএইচবি/২২৪২ ঘ.
bdnews24