২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনডির মানুষের কাছে বর্ষা মানেই সীমাহীন ভোগান্তি

এক সপ্তাহ ধরে স্রেফ চৌকির ওপর আস্ত সংসার চালাচ্ছেন সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের শহর বানু আর তার পুত্রবধূ ফাতেমা বেগম। তাদের ঘরের ভেতর এক কোমর পানি। একই অবস্থা আশেপাশের কালুমিয়া, শাহীনূর আক্তার, আব্দুর রশীদ ও আব্দুর রাজ্জাকের বাড়িতেও। কালো আর দূর্গন্ধযুক্ত পানির ওপরেই চলছে তাদের জীবন। ডিএনডি বাঁধ এলাকা ঘুরে এসে পানিবন্দি মানুষের দুর্ভোগের এ চিত্র তুলে ধরেছেন গোলাম মর্তুজা অন্তু ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 04:35 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এক সপ্তাহ ধরে স্রেফ চৌকির ওপর আস্ত সংসার চালাচ্ছেন সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের শহর বানু আর তার পুত্রবধূ ফাতেমা বেগম। তাদের ঘরের ভেতর এক কোমর পানি। একই অবস্থা আশেপাশের কালুমিয়া, শাহীনূর আক্তার, আব্দুর রশীদ ও আব্দুর রাজ্জাকের বাড়িতেও। কালো আর দূর্গন্ধযুক্ত পানির ওপরেই চলছে তাদের জীবন। ডিএনডি বাঁধ এলাকা ঘুরে এসে পানিবন্দি মানুষের দুর্ভোগের এ চিত্র তুলে ধরেছেন গোলাম মর্তুজা অন্তু । ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা (ডিএনডি) বাঁধ ও এর আশেপাশের মাতুয়াইল, শহীদনগর, বক্সনগর, ডগাইর, ওয়াসা কলোনী, শান্তিধারা, সানারপাড়, কান্দাপাড়া, সাহেবপাড়া, নিমাইকাশারী, বাঘমারা, বক্সনগর, হাজীগঞ্জ, রায়েরবাগ, সদাইর, এনায়েতনগর, গোদনাইল, মিজমিজি, মৌচাক ও নয়ামাটিসহ বেশ কিছু জায়গা কমবেশি হাঁটু থেকে কোমর সমান পানির নিচে। গত চার বছরের ডিএনডির আশেপাশের চিত্রটাই এমন। বর্ষা মানেই দীর্ঘদিন নোংরা পানির ওপর ভেসে থাকা, পানি মাড়িয়ে নিত্যকাজ চালানোর দিনমান ভোগান্তি। তবে সিমরাইলে পানি উন্নয়ন বোর্ডের ডিএনডি পাম্প হাউসের কর্তারা এ ভোগান্তির জন্য মানুষের অসচেতনতা ও ভূমি দখল প্রবণতাকেই দায়ী করেছেন। সানারপাড়ের শহর বানু ও তার পুত্রবধূ ফাতেমার সংসার এখন চেীকির ওপর। বিচিত্র কায়দায় ঘরের টিনের চালে ঝুলিয়ে রাখা হয়েছে হাড়ি-পাতিল, বালিশ-লেপ-কম্বল-তোশক সব । আর শোয়ার চৌকির ওপর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সব্জি, মসলাপাতি ,লাকড়ি, গামলা ইত্যাদি রান্নার সামগ্রি, বালতি আর একধারে জ্বলতে থাকা চুলায় ফুটছে ভাত। ফাতেমা বেগম জানালেন, শোয়ার সময় হাড়ি-কুড়ি চালে ঝুলিয়ে আবার তোশক-কম্বল পাতা হয়। তার স্বামী শহীদ মোল্লার ঘরেও পানি । সে ঘরে রয়েছে বাড়ির অন্যান্য আসবাব ও মোরগ-মুরগি । তাদের ২টি গরু ও চারটি ছাগল রাস্তার পাশে বাঁধা রয়েছে। আব্দুর রাজ্জাক জানালেন, সবচেয়ে বড় সমস্যা হয় প্রাতকৃত্যের সময়। ঘরের পেছনে বাঁশ বেধে কোনও রকমে কাজ চালানোর মতো করে নেওয়া হয়েছে। সময় সময় পানির সঙ্গে ঘরের ভেতরেও ঢুকে পড়ছে মনুষ্য বর্জ্য! এলাকার আদি বাসিন্দা আব্দুর রশীদ জানালেন, এখন যে রকম নিয়মিত জলাবদ্ধতা হচ্ছে কয়েক বছর আগেও তা ছিল না। '৯৮ এর পর থেকে জলাবদ্ধতা অনেকটা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। আবদুর রশীদ বলেন, "পাকিস্তান আমলে আইয়ুব খান সরকার যখন ডিএনডি বাঁধ ও পাম্প হাউস করে তখন এ পাগলার খালের যে অবস্থা ছিল এখন তার এক চতুর্থাংশও নাই। খাল উদ্ধারের নামে কর্তৃপক্ষ শুধু মাঝে মাঝে কিছু ঘর-বাড়ি ভাঙে। কিন্তু খাল খননের জন্য কোনও ব্যবস্থা নেয়না"। শাহীনূর আক্তারের অভিযোগ, " ডিএনডি পাম্পওয়ালারা নিয়মিত পাম্প চালায় না। তারা নিয়মিত পাম্প চালালে পানি এতোদিনে সরে যেতো।" বন্যার পানি ঢুকেছে শিল্প কারখানাগুলোতেও। চিটাগাং বিল্ডার্স এন্ড মেশিনারিজের গুদামে পানি ঢুকেছে। তারা ২৪ ঘণ্টা দুইটি ১৬ হর্স পাওয়ারের ডিজেল পাম্প ও একটি বিদ্যুৎচালিত পাম্প ব্যবহার করেও পানি সরাতে পারছে না। চিটাগাং রোডের একদম পাশেই ডগাইর আর রায়ের বাগ এলাকায় অনেকটা বিচ্ছিন্ন দ্বীপের মতো জেগে আছে কিছু বাড়ি। পানি এত বেশি যে গৃহনির্মাণ সংস্থার 'প্রস্তাবিত সিটির' সাইনবোর্ডও ডুবে গেছে। ডগাইর এলাকায় সিএনজি চালক মোখলেসুর রহমানের বাড়িটি কোনও রকমে নাক জাগিয়ে রয়েছে। মোখলেসুরের মেয়ে ৯ বছরের মুনমুন আক্তার ও তার ভাই সোহাগ নৌকা নিয়ে যাচ্ছিল রাস্তার অপর পাড়ের পেট্রোল পাম্প থেকে পানি আনতে। মুনমুন জানালো, প্রতিদিন অন্তত ছয় থেকে সাতবার তাদের পানি আনতে যেতে হয়। বাড়ি থেকে পেট্রোলপাম্পের দুরত্ব অন্তত এক কিলোমিটার। মাতুয়াইলের মেডিক্যাল রোডের বাসিন্দা রফিক মিয়া জানালেন, পুরো বর্ষাকালটা তার বাড়িতে কোনও ভাড়াটে থাকে না। পানি ভেঙে কেউ আসতে চায় না এলাকায়। তিনি জানালেন, তার বাড়ির পাশেই একটি বহুতল ভবন গড়ে উঠেছে। মালিক চেয়েছিল গার্মেন্টস কারখানা করবে। কিন্তু জলাবদ্ধতার কারণে সব থমকে রয়েছে। মাতুয়াইল মাতৃ ও শিশু স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শহীদনগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার পুরোটাই এখন পানির নিচে। পানির কারণে রাস্তা ভেঙে যাওয়ায় রিক্সা চলাচলও দুষ্কর হয়ে পড়েছে। তিন কিলোমিটার রাস্তা রিক্সায় যেতে ভাড়া গুনতে হয় অন্তত ৩০ টাকা। মাতুয়াইল শহীদ নগরের বাসিন্দা ব্যবসায়ী হারুন অর রশীদ জানালেন, শহীদ নগর এলাকায় গ্যাসের সংযোগ নেই। ঘরের ভেতরে এক হাঁটু থেকে কোমর পানি। সেখানে কোনও রকমে বিছানাতেই পুরো সংসার পাততে হয়েছে। শহীদনগর এলাকার বাসিন্দা দুলাল মিয়ার বাড়িতে পানির ওপরে কচুরিপানা বিছিয়ে বিশেষভাবে তিনটি অস্ট্রেলিয়ান গরু রাখা হয়েছে। তার দুই মেয়ে ও স্ত্রী পেটের সমস্যায় ভুগছে। গরুগুলোরও অবস্থা সুবিধার নয়। দুলাল মিয়ার আশংকা, আর কয়েকদিন পানি থাকলে এলাকার বাড়িতে বাড়িতে পেটের অসুখ মহামারী আকারে ছড়িয়ে পড়বে। ইতিমধ্যে এ এলাকার কমবেশী সকলে খোস-পাঁচড়ায় ভুগছেন। একই এলাকার বাসিন্দা আব্দুল কাদির জানালেন, ১০ বছর হয়েছে শহীদ নগর এলাকায় তিনি বাড়ি করেছেন। প্রতি বছরই কম-বেশী এ পানির সমস্যা পোহাতে হয়। জনপ্রতিনিধিরা পানি সমস্যা থাকবে না বলে বহুবার এ এলাকার মানুষের ভোট নিয়েছেন। আব্দুল কাদির বললেন, "এখন আমার দ্যাশের (বিক্রমপুর) ফখরুদ্দীনের সরকার যদি কিছু করে। লাখ লাখ টাকা খরচ কইরা বাড়ি বানাইয়াও প্রতি বছর পানি ভাঙতে হয়। বাড়ি ভাড়া দিতে পারি না।" পাম্প হাউসের নির্বাহী প্রকৌশলী নূরী আবুল কাশেম বললেন, বর্ষা মৌসুমে পাম্প হাউসে পানির চাপ স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ থাকে। তিনি জানান, মোট ১৬ টি পাম্পের মধ্যে ১২টি পালা করে ২৪ ঘণ্টাই চলছে। তবে পাম্পের সঙ্গে আসা প্রচুর ময়লা পানি সেঁচার পরিমাণ কমিয়ে দিয়েছে। নির্বাহী প্রকৌশলী বলেন, "লোকে শুধু বলে, আমরা পাম্প বন্ধ করে রাখি। কিন্তু এখানে পাম্প চালানোর জন্যই সরকার আমাদের বেতন দেয়- এ কথা মানুষ বোঝে না।" পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মাসুদ আহমেদের মতে, অপরিকল্পিতভাবে বাড়িঘর ও কারখানা গড়ে তোলাই ডিএনডির জলাবদ্ধতার প্রধান কারণ। তিনি বলেন, "ডিএনডি বাঁধে কোনও সমস্যা নেই। ১৯৬৩ থেকে '৬৮ সাল পর্যন্ত এ বাঁধ ও পাম্প হাউস তৈরি হয়েছিল এলাকার ১৪ হাজার ৫শ' একর জমিতে চাষাবাদের জন্য। তখন এ এলাকার খালগুলো নাব্য ছিল এবং সেগুলো পর্যাপ্ত পানি শীতলক্ষায় নিয়ে ফেলতো। কিন্তু এখন এ এলাকায় প্রায় ২০ লাখ লোকের বাস। গড়ে উঠেছে অনেক বাড়ি-ঘর, মিল-কারখানা। নেই পর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম। ডিএনডির অভ্যন্তরে খাল ও ড্রেনেজ লাইন এখনও অবৈধ দখলে।" মাসুদ আহমেদ বললেন, "পত্রিকাগুলো শুধু লেখে ডিএনডি বাঁধের অবস্থা নাজুক । কিন্তু বাস্তবে মোটেও তা নয়। ডিএনডি বাঁধ এবং রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাঁধটি অনেক পুরনো বলে এ কারণে কোনও জায়গায় লিকেজ হতে পারে। তবে সেটা ঝুঁকিপূর্ণ নয়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে ২২২২ ঘ.