২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ এমএএইচ সেলিমের বিরুদ্ধে আরেকটি মামলা

জেলা বিএনপি সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সাংসদ মো. আব্দুল হাকিম সেলিমের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। চাঁদাবাজি ও চিংড়ি ঘের দখলের অভিযোগে রোববার রাতে রামপাল থানায় মামলাটি দায়ের করা হয় বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান থানার দায়িত্বরত কর্মকর্তা শহীদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 09:53 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

বাগেরহাট, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা বিএনপি সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সাংসদ মো. আব্দুল হাকিম সেলিমের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। চাঁদাবাজি ও চিংড়ি ঘের দখলের অভিযোগে রোববার রাতে রামপাল থানায় মামলাটি দায়ের করা হয় বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান থানার দায়িত্বরত কর্মকর্তা শহীদুল ইসলাম। সেলিমসহ ১৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুনগর গ্রামের শেখ মেজবাউজ্জামান। এ নিয়ে চ্যানেল ওয়ানের চেয়ারম্যান ও বিএনপি দলীয় সাবেক এ সাংসদের বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের হলো। মেজবাউজ্জামানের মামলায় সেলিম ছাড়া আর যাদের আসামি করা হয়েছে, তারা হলেন জেলা যুবদল সাধারণ সম্পাদক মেহেবুবুল হক কিশোর, রামপাল উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উজলকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাজা মঈন উদ্দিন, রামপালের গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আসাদুজ্জামান, উজলকুড় ইউপি সদস্য শুকুর ফকির, শেখ টিটু, মোজাব শেখ, মুন্না শেখ, গোলাম মোস্তফা সরদার, আরজ আলী গাজী, ফরহাদ শেখ টুনু, রফিকুল শেখ, মোশারেফ শেখ, এমদাদ হোসেন ফারাজী ও পরিমল দাস। আসামিদের মধ্যে সেলিম, খাজা মঈন উদ্দিন ও আসাদুজ্জামান কারাগারে রয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, বাদি রামপাল উপজেলার কৈগর্দাশকাঠি মৌজায় শতাধিক বিঘার ওপর স্থাপিত ভেন্নাবুনিয়া চিংড়ি ঘেরের মালিক। ২০০১ সালে সংসদ নির্বাচনের পর থেকে বিভিন্ন সময়ে বাগেরহাট-২ আসনের তৎকালীন এমপি এমএএইচ সেলিম ও তার অন্যতম সহযোগী মেহেবুবুল হক কিশোর বাদীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ২০০২ সালের ২ মে রাতে সেলিমের নির্দেশে আসামিরা বাদির চিংড়ি ঘেরে চালিয়ে মাছ বিক্রি থেকে পাওয়া পাঁচ লাখ ৫০ হাজার ৭০০ টাকা লুট করে এবং ঘেরটি দখল করে নেয়। ঘেরটি এখনও বিবাদীদের দখলে রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৩ ঘ.