২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ১৭ আগস্ট মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

২০০৫ সনের ১৭ আগস্ট সংঘটিত সিরিজ বোমা হামলার ঘটনায় কিশোরগঞ্জে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ সোমবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 08:59 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

কিশোরগঞ্জ, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ২০০৫ সনের ১৭ আগস্ট সংঘটিত সিরিজ বোমা হামলার ঘটনায় কিশোরগঞ্জে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ সোমবার শুরু হয়েছে। সাক্ষ্যগ্রহণের প্রথমদিন কিশোরগঞ্জ বিশেষ আদালত-৪ এর বিচারক মোফাখখারুল ইসলামের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদি সদর থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ। এ সময় মামলার একমাত্র আসামি ওবায়দুল্লাহ সুমনকে আদালতে হাজির করানো হয়। মামলার অপর দুই আসামী জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের ফাঁসি কার্যকর হওয়ায় তাদের এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০০৫ সনের ১৭ আগস্ট সারাদেশের মতো কিশোরগঞ্জ জেলা শহরের পাঁচটি স্থানে একই সঙ্গে বোমা বিস্ফোরণ ঘটে। সে ঘটনায় আবুল কালাম আজাদ বাদি হয়ে একটি মামলা করেন। একই বছরের ১৪ সেপ্টেম্বর নিকলী উপজেলার গুরুই গ্রাম থেকে বিপুল পরিমাণ পাওয়ার জেল, গান পাউডার ও ডেটোনেটর সহ জেএমবি সদস্য ওবায়দুল্লাহ সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় সুমনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে অপর একটি মামলা হয়। সে মামলার রায়ে তার ১৭ বছর কারাদণ্ডাদেশ হয়। এদিকে ১৭ আগস্টের বোমা হামলার মামলায়ও শায়খ রহমান ও বাংলাভাইয়ের পাশাপাশি সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৫ ঘ.