খুলনা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- খুলনার ডুমুরিয়ায় সোমবার ভোররাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা প্রদীপ মন্ডল ও সদস্য রনি নিহত হয়েছেন।
র্যাব দাবি করেছে, চরমপন্থী দলটির সদস্যরা গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে তারা অভিযান চালালে দুই পক্ষের বন্দুক যুদ্ধে ওই দুই চরমপন্থী নিহত হয়।
এ সময় ঘটনাস্থল থেকে একটি একে ৪৭, একটি এসএমসি, একটি সিংগেল শ্যুটার, একটি রিভলবার ও একটি এলজি এবং ১০৫ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়েছে। দুইজনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
র্যাব-৬ এর কর্মকর্তা ক্যাপ্টেন মতিউল ইসলাম মন্ডল জানান, চরমপন্থী দলটির সদস্যরা গোপন বৈঠক করছে - এমন খবর পেয়ে তারা রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পাটকেলপোতা গ্রামে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে চরমপন্থিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব পাল্টা গুলি চালালে প্রদীপ মন্ডল ও তার সহযোগী রনি নিহত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/১১৩০ ঘ.
bdnews24