চট্টগ্রাম, ২৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে ঘুষ ও বাধ্যতামূলক 'বকশিসের' মতো দূর্নীতি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) দুর্বল প্রশাসনের সুযোগে ও প্রশাসনিক নজরদারির শৈথিল্যের কারণে বন্দরে দুর্নীতি আবার ডালপালা ছড়াতে শুরু করেছে বলে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ অভিযোগ করেছে।
এ ব্যাপারে রোববার চিটাগাং চেম্বারের পক্ষ থেকে উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদের বরাবরে একটি জরুরী ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে। এতে চবক এর 'দুর্বল প্রশাসনের' কঠোর সমালোচনা এবং জরুরি অবস্থা জারির পর যৌথ বাহিনীর সমন্বয়ে গঠিত বন্দর টাস্কফোর্সের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করা হয়েছে।
চিটাগাং চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি এম এ লতিফ স্বাক্ষরিত এ ফ্যাক্স বার্তায় উল্লেখ করা হয় , টাস্কফোর্সের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে বন্দরে কন্টেইনার ও সাধারণ পণ্য ওঠানামা ও খালাসের কাজে গতিশীলতা আসে। বন্দরে জাহাজের গড় অবস্থানকালও কমে যায়। পণ্য হ্যান্ডলিং ব্যয় আগের চাইতে ৩০ শতাংশ হ্রাস ও বন্দরের দক্ষতা প্রায় শতভাগ বৃদ্ধি পায়। সেই সঙ্গে চট্টগ্রাম বন্দর দীর্ঘদিনের কন্টেইনার জট ও জাহাজ জট মুক্ত হয়েছে।
কিন্তু গত মাসখানেক ধরে টাস্কফোর্স চট্টগ্রাম কাস্টম হাউজের বিভিন্ন সংস্কারমূলক কাজে বেশি মনোনিবেশ করার কারণে বন্দর কার্যক্রমের নিবিড় নজরদারিতে শৈথিল্য আসে। আর সেই সুযোগে বন্দরে পণ্য হ্যান্ডলিং কার্যক্রমে আবার ঘুষের লেনদেন শুরু হয়ে গেছে।
বন্দরে দুর্নীতিরোধ ও কাজের গতিশীলতার ধারা অব্যাহত রাখতে টাস্কফোর্সের নজরদারি শিথিল করার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করে চিটাগাং চেম্বার প্রধান উপদেষ্টার প্রতি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই /এসকে /২৩৪২ ঘ.
bdnews24