ময়মনসিংহ, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাভাইয়ের আশ্রয়দাতাসহ মুক্তাগাছা থেকে আটক ১৫ জেএমবি সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে ময়মনসিংহ দ্রুত বিচার আদালত।
রোববার দুপুরে দ্রুত বিচার আদালতের বিচারক শেফালী বেগম এ রায় দেন। রায়ে অভিযুক্ত প্রত্যেককে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১০ মাস বিনাশ্রম কারাভোগের নির্দেশ দেওয়া হয়।
ময়মনসিংহে জঙ্গিদের বিরুদ্ধে দায়ের করা মামলার মধ্যে এটাই প্রথম রায়।
দণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্যরা হলেন, বাংলাভাইয়ের আশ্রয়দাতা ডা. শামসুল হক, মুখলেস(৩৭), আব্দুর রহমান(৩২), মান্নান(২৬), নাজমুল হক(৩০), আব্দুল হাই(৫০), মোহাম্মদ আলী মাস্টার(৬০), শহীদুল্লাহ হট্টু(৩৫), সাহেব আলী মাস্টার(৩৭), ফুলবর হোসেন(৩৫), সেকান্দার আলী(২৬), হাতেম আলী(১৮), আবুল(৩৫), মোতালেব ওরফে হীরা খলিফা(৪৫) ও আবু বক্কর সিদ্দিক(৫৬)।
দণ্ডিত সবাই মুক্তাগাছা উপজেলার অধিবাসী।
চলতি বছরের ৬ মে ভোররাতে মুক্তাগাছা উপজেলার ইছাখালি বাজার থেকে গোপন বৈঠক করার সময় র্যাব ওই ১৫ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে জরুরি বিধিমালায় মামলা দায়ের করা হয়।
জেএমবির সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইকে ২০০৬ সালের ৬ মার্চ মুক্তাগাছার রামপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৭ ঘ.
bdnews24