২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে র‌্যাবের ভ্যান থেকে এক ব্যবসায়ীর 'পলায়ন'

র‌্যাব হেফাজত থেকে পালিয়ে গিয়েছে চার মামলার আসামি এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর নাম আফরোজ উদ্দীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 06:32 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- র‌্যাব হেফাজত থেকে পালিয়ে গিয়েছে চার মামলার আসামি এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর নাম আফরোজ উদ্দীন। নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাবের একটি সূত্র জানিয়েছে, মিরপুরের ফল ব্যবসায়ী আফরোজউদ্দীনের কাছে অবৈধ অস্ত্র থাকার খবর পেয়ে র‌্যাব-২ এর একটি দল আড়ত থেকে তাকে গ্রেফতার করে। এরপর আফরোজউদ্দীনকে নিয়ে তার মিরপুর ব্লক ডির বাসা তল্লাশীর জন্য যায় র‌্যাব সদস্যরা। বাসায় তল্লাশি চালানোর সময় এক ফাঁকে সে র‌্যাবের গাড়ি থেকে পালিয়ে যায়। আফরোজের বিরুদ্ধে ২টি হত্যাসহ চারটি মামলা রয়েছে। ২০০৫ সালে তার বড়ভাই আফতাবউদ্দীন সন্ত্রাসীদের হাতে নিহত হন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাব-২ এর আরেকজন কর্মকর্তা কাউকে ধরার কথাই অস্বীকার করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা এ বিষয়ে কিছু বলতে পারবো না। আমরা তাকে ধরিইনি, ফলে পালিয়ে যাওয়ার প্রশ্ন আসে না।" আফরোজউদ্দীনের ছোট বোন মোসলেমা আক্তার বেবী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ১টার দিকে তাকে ফলের আড়ত থেকে র‌্যাব-২ এর সাদা পোশাকধারী সদস্যরা ধরে নিয়ে যায়। তারপর তাকে তারা কোথায় নিয়ে গেছে আমরা জানি না। এর কিছুক্ষণ পর দুপুর ২টার দিকে তারা বাসায় এসে এক ঘণ্টা তল্লাশি চালায়। তল্লাশি শেষে নিচে গিয়ে তারা আবার ওপরে উঠে এসে জানায় ভাই পালিয়ে গেছে।" মোসলেমা আরো বলেন, ভাইকে গ্রেপ্তারের পর তিনি খালাতো ভাই হাবিবুর রহমান ও ভাগ্নে মাহমুদকে আসতে বলেন। তিনি বলেন, "র‌্যাব সদস্যরা এর পর হাবিব ভাই ও মাহমুদকে ধরে নিয়ে যায়। তারা বলে আসামী (আফরোজ) ধরা না দিলে এদের ছাড়বো না।" মোসলেমা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাবিব এবং রাত সাড়ে ৮টার দিকে মাহমুদকে ছেড়ে দেয় র‌্যাব সদস্যরা। নিজেদের 'ষড়যন্ত্রের শিকার' দাবি করে মোসলেমা বলেন, বড়ভাই আফতাবউদ্দীনকে যারা খুন করেছে সেই হত্যাকারীরাই আফরোজের নামে র‌্যাবের কাছে মিথ্যা তথ্য দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে ০০২৫ ঘ.