জয়পুরহাট, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রাম থেকে অপহৃত স্কুলছাত্রী সুবর্ণা ইয়াসমিনকে (১১) শনিবার বিকালে উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সুবর্ণা দমদমা গ্রামের ইমরান খানের মেয়ে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ সোহরাওয়ার্দী জানান, শনিবার বিকালে স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় তিন অপহরণকারী সুবর্ণাকে জোর করে একটি লাল রঙের গাড়িতে উঠিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে বিকাল সোয়া ৪টায় তাকে উদ্ধার করে। এসময় আলামিন (২২), শাহিনুল ইসলাম (২২) ও উজ্জল (২৩) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটিও আটক করেছে পুলিশ।
শহীদ সোহরাওয়ার্দী জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে ভারতে পাচার করার উদ্দেশ্যে সুবর্ণাকে অপহরণ করেছিল তারা। এ বিষয়ে পাঁচবিবি থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২১১৮ ঘ.
bdnews24