২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটের জন্য আরও তহবিল চাই: ৬০ বছর পূর্তি অনুষ্ঠানে সাবেক উপাচার্য

"আর বুয়েটের প্রশংসা শুনতে চাই না, এবার উচ্চশিক্ষার জন্য ফান্ড চাই" এভাবেই বাংলাদেশে প্রকৌশল শিক্ষার ৬০ বছর পূর্তি উদযাপন কর্মসূচির সূচনা দিনে নিজেদের সমস্যার কথা জানালেন বুয়েটের ৬ষ্ঠ ও প্রাক্তন উপাচার্য প্রফেসর ইমেরিটাস ড. ইকবাল মাহমুদ। শনিবার বুয়েটের মিলনায়তনে ছয় মাসব্যাপী বাংলাদেশে প্রকৌশল শিক্ষার ৬০ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা দিবসে বুয়েটের প্রাক্তন ও বর্তমানসহ ১০ উপাচার্যের ৭ জনই উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 01:37 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--"আর বুয়েটের প্রশংসা শুনতে চাই না, এবার উচ্চশিক্ষার জন্য ফান্ড চাই" এভাবেই বাংলাদেশে প্রকৌশল শিক্ষার ৬০ বছর পূর্তি উদযাপন কর্মসূচির সূচনা দিনে নিজেদের সমস্যার কথা জানালেন বুয়েটের ৬ষ্ঠ ও প্রাক্তন উপাচার্য প্রফেসর ইমেরিটাস ড. ইকবাল মাহমুদ। শনিবার বুয়েটের মিলনায়তনে ছয় মাসব্যাপী বাংলাদেশে প্রকৌশল শিক্ষার ৬০ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা দিবসে বুয়েটের প্রাক্তন ও বর্তমানসহ ১০ উপাচার্যের ৭ জনই উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. ইকবাল মাহমুদ বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা জন্য প্রয়োজনীয় প্রণোদনা দরকার। এজন্য নীতি নির্ধারকদের উচ্চ শিক্ষার্থে বুয়েটের তহবিল আরো বাড়াতে হবে। ৮ম উপাচার্য অধ্যাপক নুরুদ্দিন আহমেদ একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য লাইব্রেরী, ল্যাবরেটরি ও গবেষণাগার আধুনিকায়নের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নতুন নতুন বিভাগ ও শিক্ষার্থী বাড়লেও বুয়েটের অবস্থান বিশ্বের ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই। এর কারণ হিসেবে তিনি উচ্চ শিক্ষার্থে গবেষণার জন্য প্রয়োজনীয় বরাদ্দের অভাবকে চিহ্নিত করেন। নুরুদ্দিন আহমেদ শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কাছে গবেষণা ক্ষেত্রে বরাদ্দ আরো বাড়ানোর আবেদন করেন। বুয়েটের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ উপাচার্য এবং প্রধান অতিথি অধ্যাপক ওয়াহিদ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের শুধু ভালো প্রকৌশলীই নয় ,ভালো মানুষও হওয়ার তাগিদ দেন। তিনি বলেন, "দেশের ভবিষ্যত, জীবনযাত্রার মানোন্নয়ন, দারিদ্র দূরীকরণ এবং সর্বোপরি জাতির অভাব পূরণে একজন ভালো মানুষই এগিয়ে আসতে পারে।" অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এএমএম সফিউল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৪র্থ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মতিন পাটোয়ারী, ৫ম উপাচার্য অধ্যাপক ড.মোশাররফ হোসেন খান এবং ৯ম উপাচার্য অধ্যাপক আলী মুর্তজা। সূচনা দিনে অনুষ্ঠানে বুয়েটের বিভিন্ন শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। ছয় মাসব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে বুয়েটের বিভিন্ন বিভাগের পরিচিতি, প্রদর্শনী, সেমিনার, সিম্পোজিয়াম, বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে ১৯২৩ ঘ.