রাজশাহী, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মোহনপুর উপজেলার দর্শনপাড়া গ্রামে পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় পৌর চেয়ারম্যানসহ শতাধিক গ্রামবাসীকে আসামি করে পাঁচটি মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম ও উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক বাদী হয়ে মোহনপুর থানায় শুক্রবার রাতে মামলাগুলো করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচ মামলায় কেশরহাট পৌরসভার চেয়ারম্যান শহিদুজ্জামান শহিদসহ শতাধিক গ্রামবাসীকে আসামী করা হয়েছে। সরকারি কাজে বাধা দান, সরকারি কর্মচারীদের আটক রাখা, তাদের ওপর হামলা, মালামাল ছিনতাই ও মাদকদ্রব্য আইনে আসামিদের বিরুদ্ধে অভিয়োগ আনা হয়েছে।
মামলা দায়েরের পর রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে সইপাড়া গ্রামের আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে।
এ নিয়ে সংঘর্ষের ঘটনায় মোট চার জনকে গ্রেপ্তার করলো পুলিশ। এর আগে শুক্রবার বিকালে সংঘর্ষ চলাকালে কলেজ ছাত্র আতিকুর রহমান, দুই এলাকাবাসী আতিকুজ্জামান ও শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুরে মাদক ব্যবসায়ীদের কাছে থেকে ঘুষ নিয়ে মালামালসহ তাদের ছেড়ে দেওয়ার অভিযোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঁচ কর্মচারীকে গ্রামবাসী আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর উপর লাঠিচার্জ করলে সংঘর্ষ বেধে যায়। তাতে আহত হন ১৫ গ্রামবাসী।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, শুক্রবার মাদকদ্রব্য আটক করে নিয়ে আসার সময় গ্রামবাসী তাদের আটকে দেয় এবং হামলা করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। তবে ঘুষ সংক্রান্ত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।
এদিকে চেয়ারম্যান শহিদুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিঢোর ডটকমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ও পুলিশ নিজেদের বাঁচাতে এ মিথ্যা মামলা দায়ের করেছে। আর পুলিশ আসামি গ্রেপ্তারের নামে গ্রামে তাণ্ডব চালিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৯২০ ঘ.
bdnews24