বরগুনা, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার মুক্তির দাবি করে এবং দুই উপদেষ্টা মইনুল হোসেন ও এম এ মতিনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান সম্বলিত নানা ধরনের অসংখ্য পোস্টার চোখে পড়েছে শহরের বিভিন্ন জায়গায়।
শতাধিক পোস্টার পথচারীদের চোখে পড়লেও পুলিশ এখবর জানে না বলে দাবি করেছে। কে বা কারা পোস্টার লাগিয়েছে তারও কোনো খোঁজ নেই পুলিশের কাছে।
শনিবার সকালে শহরের প্রেসক্লাব, পৌর মার্কেট, জেলা স্কুল, বালিকা বিদ্যালয়, সরকারি কলেজ, মহিলা কলেজ, আইনজীবী সমিতিসহ শহরের বিভিন্ন পয়েন্টে পোস্টারগুলো চোখে পড়ে।
বরগুনা থানায় যোগাযোগ করা হলে তারা বিষয়টি সম্পর্কে 'অবহিত নন' বলে জানায়।
হাতে লেখা এই পোস্টারগুলোতে লেখা ছিল 'রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার মুক্তি চাই', 'বাজার দর বেশি ভাই - শেখ হাসিনার মুক্তি চাই', এ ধরনের শ্লোগান।
এ ছাড়া মইনুল হোসেন ও এম এ মতিনের বিরুদ্ধে লাগানো পোস্টারে লেখা ছিল 'ইত্তেফাকের ছয়টা খুন-করিলি কি মইনুল', 'মইনুলের শরীর থেকে রাজাকারের গন্ধ আসে', 'মতিনের মুখ থেকে রাজাকারের গন্ধ আসে' ছাড়াও বিভিন্ন ধরনের শ্লোগান।
শনিবার সকালে জরুরি অবস্থার মধ্যে দুই উপদেষ্টার বিরুদ্ধে লাগানো এ পোস্টারগুলো দেখতে মানুষের ভিড় দেখা যায়।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, তারা এ ধরনের কোনো খবর পাননি। তবে যদি কেউ এ ধরনের পোস্টার লাগিয়ে থাকে তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/১৩০০ ঘ.
bdnews24