চট্টগ্রাম, ২৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী উপজেলার ট্রাকের নিচে চাপা পড়ে শনিবার সকালে তিন শিশু নিহত হয়েছে। নিহতরা ভাইবোন। এদিকে নগরীর রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির কাছে পানিতে ডুবে মারা গেছে এক শিশু।
হাটহাজারীর বুড়িপুকুর পাড় এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে নাজিরহাটগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাড়ে তিন বছরের শিশু শাকেরা, সাড়ে সাত বছরের ইসরাইল ও নয় বছরের তাহেরা মারা যায় বলে পুলিশ ও স্থানীয়রা জানান। নিহত তিন শিশুর বাবার নাম খায়রুল বাশার।
হাটহাজারী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় শাকেরা ও ইসরাইল ঘটনাস্থলেই এবং তাহেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
তিনি জানান, থানার একটি দল ঘটনাস্থলে গেছে। তারা ফিরে এলে মামলা করা হবে। ট্রাকটি আটক করা যায়নি।
কর্ণফুলী থানা পুলিশ শনিবার সকালে রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির কাছে একটি ডোবা থেকে শাহাবুদ্দিন নামে ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে।
শাহাবুদ্দিন রাঙ্গাদিয়া এলাকার কালা মিয়ার ছেলে। সে কাগজপত্র, পলিথিন কুড়িয়ে বিক্রি করত।
কর্ণফুলী থানার উপ-পরিদর্শক মিনহাজ উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুরের পর ঘর থেকে বের হয় শাহাবুদ্দিন। রাতে ঘরে না ফেরায় তার বাবা এলাকায় মাইকিং করে। পরে সকালে স্থানীয় লোকজন ডোবায় লাশ দেখে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৩০৯ ঘ.
bdnews24