ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কেউ পেশাদার খুনিদের ভাড়া করে রাজধানীর কলাবাগানে ই--হক কোচিং সেন্টারের শিক্ষক আবুল বাশার বাদশাকে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে।
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধানমন্ডি অঞ্চলের সহকারি কমিশনার (এসি) নাসিরউদ্দিন খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "গুলি করার ধরন এবং অন্যান্য আলামত দেখে মনে হয় পেশাদার খুনিরাই এ ঘটনা ঘটিয়েছে। কেউ টাকা দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে হচ্ছে।"
ডিবি কর্মকর্তা বলেন, "কখন ওই কোচিং সেন্টারে অন্য কেউ থাকবে না সে তথ্য অথবা ঘটনাস্থল থেকে কোন ব্যক্তি আগেই মোবাইলে খুনিদের তথ্য জানিয়ে দেয়। এ কারণে বাদশার মোবাইলফোনে ঘটনার আগে আসা কলগুলো আমরা যাচাই-বাছাই করে দেখছি।"
বাশারের লাশ ময়নাতদন্ত শেষে শুক্রবার তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিহতের ছোট ভাই মো. শাহজালাল বাদি হয়ে বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসীকে আসামি করা হয়েছে। উপ--পরিদর্শক আবুল বাশারকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আবুল বাশার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার সকালে ই-হক কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা-পরিচালক মো. ইমাদুল হক ওরফে ই--হককে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া কোচিং সেন্টারটির শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তারা কোন তথ্য দিতে পারেননি।"
তিনি বলেন, "জিজ্ঞাসাবাদে সবাই একবাক্যে বলেছেন বাশারের সঙ্গে কারো ব্যক্তিগত কোন শত্র"তা ছিল না। তাই তাকে কী কারণে হত্যা করা হয়েছে তা খুঁজে বের করতে দেরি হচ্ছে। "
তবে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আমরা সম্ভাব্য হত্যাকারীদের সম্পর্কে ধারণা পেয়েছি। তবে তদন্তের স্বার্থে তা এখন প্রকাশ করা যাচ্ছে না।"
বৃহস্পতিবার দুপুরে কলাবাগানে ই-হক কোচিং সেন্টারে শিক্ষক আবুল বাশার বাদশাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তার দেশের বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি গ্রামে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০০৫৪ ঘ.
bdnews24