ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকায় 'সুপার সিএনজি ফিলিং স্টেশনে' শুক্রবার রাতে সিলিন্ডার বিস্ফোরণে আক্তার হোসেন (৪০) নামের এক কর্মচারী আহত হয়েছেন।
আক্তার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দুই হাত, পিঠ এবং মুখমণ্ডল আগুনে ঝলসে গেছে।
দমকল সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা সৈয়দ হোসেন খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তেজগাঁও তিব্বত ফায়ার সার্ভিস স্টেশনের পাশে 'সুপার সিএনজি ফিলিং স্টেশনে' রাত সাড়ে নয়টার দিকে দুটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। পাশের তেজগাঁও স্টেশন থেকে দমকল বাহিনীর দুটি গাড়ি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকলের সিনিয়র স্টেশন অফিসার সুলতান রেজা খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সিলিন্ডারে অথবা গ্যাস সরবরাহ লাইনে ত্র"টির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২৩২৯ ঘ.
bdnews24