সিরাজগঞ্জ, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ-কাজিরপুর সড়কের নলিছাপাড়া সেতুর ভেঙে যাওয়া সংযোগ সড়ক শুক্রবার সকালে পরিদর্শন করেছেন কৃষি উপদেষ্টা সিএস করিম। পরে পাবনার একটি খালে সি এস করিম ও জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী মাছের পোনা ছাড়েন।
সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-কাজিরপুর সড়কের ভেঙে যাওয়া অংশ পরিদর্শনের সময় সিএস করিম বলেন, "সরকার সব ধরনের অবকাঠামো রক্ষার চেষ্টা করছে। রাস্তাটি দ্রুত মেরামতের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে বিকেলের মধ্যে মেরামত কাজ শেষ হবে।"
সিরাজগঞ্জ শহর থেকে দুই কিলোমিটার দূরে নলিছাপাড়া সেতুর এই সংযোগ সড়কটির ১০ থেকে ১২ ফুট শুক্রবার ভোরে যমুনার পানির তোড়ে ভেঙে যায়। এর পরপরই সেনা ও পুলিশ সদস্যরা মেরামত কাজ শুরু করে।
বিকেলে মৎস্য উপদেষ্টা রায়পুর উপজেলার জয়সাগর মৎস্য খামার পরিদর্শন করেন। এসময় তিনি খামারের কর্মী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
পরে পাবনা জেলার সদুল্লাহপুর ইউনিয়নের সদুল্লাহপুর গ্রামের একটি খালে মাছের পোনা অবমুক্ত করেন উপদেষ্টা সিএস করিম। তপন চৌধুরী এ সময় তার সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/বিআর/টিএইচ/এসি/জেকে/এমএইচবি/১৮২৫ ঘ.
bdnews24