কক্সবাজার, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে বেড়াতে এসে সাগরে ডুবে মারা গেলেন নারিন্দার মোটর পার্টস ব্যবসায়ী রফিকুল ইসলাম রবিন (৩৩)।
সৈকত পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জামাল উদ্দিন জানান, রবিন তিন বন্ধুর সঙ্গে শুক্রবার বেলা ২টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামেন। কিন্তু সাঁতার না জানায় রবিন পানিতে ভেসে যান। লাইফ গার্ড ও পুলিশ তাকে উদ্ধার করতে ব্যার্থ হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ডায়াবেটিক পয়েন্টে চিংড়ি পোনা আহরণকারীদের জালে তার লাশ আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই কক্সবাজার বেড়াতে এসে সমুদ্রে ভেসে গিয়েছিলেন ঢাকার আইডিয়াল কলেজের ছাত্র মুরাদ। তার খোঁজ এখনো পাওয়া যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১৫৪ ঘ.
bdnews24