২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

বন্দরবাজারের ব্যবসায়ী ফখরুল ইসলাম খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ফখরুলের লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাওনা নিয়ে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে নিহতের পরিবার দাবি করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 11:06 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

সিলেট, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্দরবাজারের ব্যবসায়ী ফখরুল ইসলাম খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ফখরুলের লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাওনা নিয়ে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে নিহতের পরিবার দাবি করছে। 'করিমউল্লাহ মার্কেট' এর সন্ধানী মোবাইল সার্ভিসের মালিক ফখরুল ইসলামের লাশ বৃহস্পতিবার রাতে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকা থেকে উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার বিকাল ৫টায় নগরীর রামেরদীঘির পারের রাজীব রায় সাধু (৩৬), কলাবাখানির বিধান দাসসহ (৪৫) তার কয়েকজন সহযোগী ফখরুলকে তার দোকান থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে ফখরুলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রাতে গোয়াইনঘাট উপজেলার সালুটিকরে এক ব্যাক্তির লাশ পাওয়া গেছে খবর পেয়ে বিষয়টি সিলেট কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়। পরে রাত ১টার দিকে লাশটি গোয়াইনঘাট থানায় নিয়ে আসা হলে ফখরুলের পরিবার লাশটি সনাক্ত করে। লাশটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান গোয়াইনঘাট থানার উপপরিদর্শক মধুসুদন দাস। তিনি শুক্রবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুন নূর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শুক্রবার ভোর রাতে রাজীব রায় সাধু ও বিধান দাসকে তাদের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ফখরুলের বাবা আবদুল মুকিত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাজীবের কাছে তার ছেলের চার লাখ টাকা পাওনা ছিল। ওই বিষয়টি মামলা পর্যন্ত গড়ালে রাজীবকে পুলিশ একবার গ্রেপ্তার করে। মাস খানেক আগে সে কারাগার থেকে বেরিয়ে আসে। ওই ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে আব্দুল মুকিত দাবি করেন। তিনি আরও বলেন, কারাগার থেকে বেরিয়ে আসার পর থেকেই ফখরুলের সঙ্গে পুনরায় বন্ধুত্ব গড়ে তোলার ছল করে রাজীব। ফখরুল ইসলামের বাসা সিলেট নগরীর শেখঘাট খুলিয়াপাড়া নীলিমা আবাসিক এলাকার। তিনি চার সন্তানের জনক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.