চট্টগ্রাম, ২৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে বাঁচাতে গিয়ে নগরীর বাকলিয়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ওসমান গনি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে সীতাকেুণ্ডে বিকল হয়ে যাওয়া চাকা মেরামতের সময় ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন বিচিত্র সিং নামে এক ট্রাকচালক।
পুলিশ জানায়, পশ্চিম বাকলিয়া ডিসি রোডের একটি বাসায় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে জান্নাতুন কাজমী বিদ্যুতস্পৃষ্ট হয়ে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে স্বামী ওসমান গনিও (৪০) বিদ্যুতস্পৃষ্ট হন। স্ত্রীকে রক্ষা করতে পারলেও নিজে গুরুতর আহত হন ওসমান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাকলিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আবু নাছের জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ট্রাকের চাকা মেরামতের সময় সে ট্রাকের নিচে চাপা পড়ে বিচিত্র সিং (৪৫) মারাত্মক আহত হন বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক জহির আহমদ।
আহত ট্রাক চালককে চমেক হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
বিচিত্র সিং চট্টগ্রাম থেকে মাল বোঝাই ট্রাক নিয়ে ঢাকা যাচ্ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৪১২ ঘ.
bdnews24