২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমান গণি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

কারাবন্দি সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গণি এবং তার স্ত্রী মহসিন আরা গণির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 03:40 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কারাবন্দি সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গণি এবং তার স্ত্রী মহসিন আরা গণির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেছে। দুদকে জমা দেওয়া সম্পদের হিসাবে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদি হয়ে বৃহস্পতিবার দুপুরে উত্তরা থানায় এ মামলা দায়ের করেন। উত্তরা থানার উপ--পরিদর্শক রীনা সাহা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার এজাহারে গণি এবং তার স্ত্রীর বিরুদ্ধে চার কোটি ৩০ লাখ টাকার সম্পদের হিসাব গোপনের অভিযোগ আনা হয়েছে। গত ২৬ জুন গণির স্ত্রী মহসিন আরা গণি দুদকে জমা দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৭০ লাখ ১৫ হাজার টাকা উল্লেখ করেন। কিন্তু দুদক কর্মকর্তারা পরে অনুসন্ধান চালিয়ে তাদের নামে আরো চার কোটি ৩০ লাখ টাকার সম্পদের হিসাব খূঁজে পান। এর আগে ২৯ মে যৌথবাহিনী উত্তরার বাসায় অভিযান চালিয়ে 'বনখেকো' হিসেবে কুখ্যাতি লাভ করা ওসমান গণিকে গ্রেপ্তার করে। অভিযানের সময় যৌথবাহিনীর সদস্যরা তার বাসার লেপ-তোশক এবং চালের ড্রামসহ বিভিন্ন স্থান থেকে নগদ প্রায় এক কোটি টাকা উদ্ধার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/ এসকে ২১৩৬ ঘ.