ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানকে যথাযথ মর্যাদায় অন্তর্ভূক্ত করার উদ্যোগকে স্বাগত জানিয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেছেন, সব জাতীয় নেতাকেই স্বীকৃতি দিতে হবে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শুধু একাত্তরে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি জ্যেষ্ঠতার ভিত্তিতে মওলানা ভাসানীর নাম সবার আগে রাখার প্রস্তাব করেছেন।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানী ফাউন্ডেশন আয়োজিত মওলানা ভাসানী ও রাজনৈতিক সংস্কার শীর্ষক সেমিনারে ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে জেনারেল ইবরাহিম এ আহ্বান জানান। সেমিনারে তিনি একইসঙ্গে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রবন্ধে তিনি বলেন, "গত ছয়মাসে হালকাভাবে এবং গত ছয়দিনে গুরুত্বের সঙ্গে যে সংবাদটি উপস্থাপিত হয়েছে সেটি একটি সুসংবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে জাতির পিতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দিয়ে পাঠ্যপুস্তকগুলোতে নতুন অধ্যয় সংযোজিত হচ্ছে। কিন্তু স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শুধু একাত্তরে সীমাবদ্ধ নয়।"
মুক্তিযুদ্ধের ইতিহাসে মওলানা ভাসানীর অবদান তুলে ধরে তিনি বলেন, সব জাতীয় নেতাকে স্বীকৃতি দিতে হবে। এক্ষেত্রে জ্যেষ্ঠতার ভিত্তিতে ভাসানীর নাম সবার আগে রেখে পর্যায়ক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ এবং বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর নাম রাখার প্রস্তাব করেন তিনি।
এই মুক্তিযোদ্ধা বলেন, স্বাধীনতাবিরোধীরা ইসলামের নাম ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে ইসলামের বিরোধ ঘটানোর চেষ্টা করেছে, কিন্তু এ অপচেষ্টার বিরুদ্ধে সঠিক ব্যাখ্যা উপস্থাপন করা হয়নি।
তার মতে, মুক্তিযুদ্ধ ছিল অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। কাজেই যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়েছেন তারাই ধর্মের পথে ছিলেন। আর যারা ইসলাম রক্ষার নামে পাকিস্তানকে রক্ষার চেষ্টা করেছে তারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল।
সাবেক এই জেনারেল স্বাধীনতা বিরোধীদের শাস্তি দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেন, স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না। সমঝোতায় আসতে হলে তাদের মাফ চেয়ে আসতে হবে।
তিনি অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতিসহ সব ক্ষেত্রে সংস্কারের জন্য ৮ দফা প্রস্তাব উপস্থাপন করে বলেন ,বাংলাদেশ আজ এক যুগসন্ধিক্ষণে। এমন সময়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মতো ব্যক্তিত্বের কাছ থেকে সমঝোতার শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এমএইচবি/২০২০ ঘ.
bdnews24