২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাবাগানে কোচিং সেন্টারের শিক্ষককে গুলি করে হত্যা

রাজধানীর কলাবাগানে একটি কোচিং সেন্টারের শিক্ষককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। ই--হক কোচিং সেন্টারের ওই শিক্ষকের নাম আবুল বাশার বাদশা (৩৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 11:34 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর কলাবাগানে একটি কোচিং সেন্টারের শিক্ষককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। ই--হক কোচিং সেন্টারের ওই শিক্ষকের নাম আবুল বাশার বাদশা (৩৫)। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা কলাবাগানের ১২৮ নম্বর ভবনের দোতলায় ই-হক কোচিং সেন্টারে এসে আবুল বাশারকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। দোতলার প্রশাসনিক কক্ষের একটি চেয়ারে বসে থাকা বাশারের বুক ও হাতে কমপক্ষে চারটি গুলি লাগে। গুলির শব্দে আশেপাশের ভবনের বাসিন্দারা এসে বাশারকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা তিনি বেঁচে নেই বলে জানান। (আরও তথ্যসহ) বাদশার স্ত্রী ও ছেলে মেয়ে আগে ঢাকায় থাকলেও বর্তমানে দেশের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি গ্রামে থাকে। তিনি রাজধানীর গেন্ডারিয়ায় একটি মেসে তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে থাকতেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। বাড়ির মালিক প্রত্যক্ষদর্শী পারুল বেগম বলেন, "দুপুরে আমি বিছানায় বিশ্রাম নিচ্ছিলাম। গুলির শব্দ পেয়ে দরজা খুলে দেখি একজন যুবক মটরসাইকেলে বসে আছে এবং অপর দুই যুবক দৌড়ে এসে মটরসাইকেলে চড়ে চলে যাচ্ছে।" ই-হক কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা-পরিচালক মো. ইমাদুল হক ওরফে ই--হক সাংবাদিকদের বলেন, "বাদশা পাঁচ থেকে ছয় বছর আগে ই-হক কোচিং সেন্টারে যোগ দেন। কিছুদিন আগে তিনি রাজধানীর ফরিদাবাদে জনৈক ছানোয়ারের সঙ্গে যৌথ অংশীদারিত্বে ই--হক কোচিং সেন্টারের একটি শাখা খোলেন। এক মাস আগে ওই সেন্টারটি উদ্বোধন করা হয়।" ইমদাদুল হক জানান, ফরিদাবাদের ওই সেন্টারটি চালু করার পর থেকেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা গভীর রাতে মোবাইলফোনে বাদশাকে হুমকি দিয়ে আসছিল। প্রতিদ্বন্দী অন্য কোন কোচিং সেন্টারের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ইমদাদুল হক। গোয়েন্দা পুলিশের (ডিবি) ধানমন্ডি অঞ্চলের সহকারি কমিশনার (এসি) নাসিরউদ্দিন খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যক্তিগত কোন কারণে নয়, প্রাতিষ্ঠানিক কোন বিবাদের জের ধরে এ হত্যাকান্ড ঘটানো হয়ে থাকতে পারে।" র‌্যাব--২ এর ক্যাপ্টেন সৈয়দ মো. আস-সাজিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেন্টারের মালিক এবং অন্য কর্মকর্তা--কর্মচারীদের বক্তব্যে অসামঞ্জস্য পাওয়া যাচ্ছে। তাদের বিবরণে সময়ের হেরফের রয়েছে।" ক্যাপ্টেন সাজিদ জানান, ঘটনার সময় সেন্টারে কেও উপস্থিত ছিল না। ঘটনার কিছু সময় আগেই মালিক ইমদাদুল হক এবং অন্য কর্মকর্তারা সেন্টার থেকে বের হয়ে যান। এটা রহস্যজনক। এদিকে হত্যাকাণ্ডের কিছুক্ষণ পর কোচিং সেন্টারে আসা একজন ছাত্রীর অবিভাবক নূরুল ইসলাম জানান, দুপুর তিনটার দিকে মেয়ের গণিত পরীক্ষার জন্য এসে তিনি বাদশা স্যারের মৃত্যুর খবর শুনতে পান। নূরুল ইসলাম বলেন, "বাদশা স্যারের কোন ব্যক্তিগত শত্র"তা ছিল না। তিনি খুব সহজ-সরল মানুষ ছিলেন। প্রাতিষ্ঠানিক রেষারেষির জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে আমার ধারণা। কারণ এই সেন্টারে সবসময় পিয়ন ইলিয়াছ বা তার বাবা উপস্থিত থাকতো। কিন্তু ঘটনার সময় কেউ ছিল না।" ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিকভাবে আমরা হত্যার সম্ভাব্য অনেকগুলো কারণ খতিয়ে দেখছি। তদন্ত শেষ হওয়ার আগে কোনকিছু নিশ্চিত করে বলা সম্ভব না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এলএইচ/জিএমএ/এমএইচবি/২১২২ ঘ.