রাজশাহী, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগে সাবেক ডাক ও টেলি-যোগাযোগমন্ত্রী বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকসহ ২৫ জনের প্রত্যেককে ৩১ বছর ছয় মাস কারাদণ্ড দিয়েছে আদালত।
আমিনুল হকের অনুপস্থিতিতেই বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজাউল ইসলাম এ রায় দেন। রায়ে আমিনুল হককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছর কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়।
জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগে এটাই ছিল আমিনুল হকের বিরুদ্ধে প্রথম মামলা। বাংলাভাই বাহিনীর হাতে নির্যাতিত কৃষক ফজলুর রহমান চলতি বছর ৩০ মার্চ বাগমারা থানায় মামলাটি দায়ের করেন।
আদালত আমিনুল হকের পাশাপাশি রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শীষ মোহাম্মদসহ অন্য ২৪ আসামিকেও একই মেয়াদের সাজা দেয়।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাগমারা উপজেলার বড়বিহানআলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও বাসুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেশারতুল্লাহকে বেকসুর খালাস দেওয়া হয়।
ব্যারিস্টার আমিনুল হক ও শীষ মোহাম্মদসহ সাজাপ্রাপ্ত ১৬ জন আসামি পলাতক রয়েছেন।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত নয় জন আসামী আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন, জঙ্গি রমজান কায়ার ছেলে কুরবান আলী, বাংলাভাই বাহিনীর সদস্য 'কিলার' মোস্তাক, আব্দুস সাত্তার, লুতফর, আফজাল, আকরাম, আমজাদ, নজরুল ও মিজানুর রহমান।
সাজাপ্রাপ্ত অপর পলাতক আসামীরা হলেন, মোস্তাফিজুর রহমান হিটলার, মনজুর রশীদ, সিদ্দিক, মোসলেম, জলিল, লতিফ, বুলবুল, মোখলেস, হালিম, জুতা মন্টু, আবুল মেম্বার, কামরান, রফিক ও আশরাফ।
রায়ে ২৫ আসামিকে ফৌজদারি দণ্ডবিধির ৩২৬ ধারায় ১০ বছর সশ্রম, ৩০৭ ধারায় ১০ বছর সশ্রম, ৩৮৭ ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১৪৩ ধারায় ছয় মাস বিনাশ্রম ও ১৪২ ধারায় ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আসামীদের প্রত্যেককে বিভিন্ন ধারায় ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছর কারাদণ্ডাদেশও দেয় আদালত।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি নুরুল ইসলাম এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট অঙ্কুর সেন।
২০০৪ সালের এপ্রিল মাসে ইসলামী জঙ্গীবাদী নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের হাতে নির্যাতিত ফজলুর রহমান চলতি বছরের ৩০ মার্চ আমিনুল হকসহ ২৮ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
বোমা মেরে ঝালকাঠিতে দুজন বিচারককে হত্যা করার দায়ে বাংলা ভাই ও তার আধ্যাত্মিক নেতা শায়খ আবদুর রহমানসহসহ ৬ জনের ইতিমধ্যেই ফাঁসি হয়েছে।
নির্যাতিত ফজলুর রহমানের মামলার তদন্ত কর্মকর্তা মুক্তার হোসেন গত ২৩ এপ্রিল ২৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০ মে আমিনুল হকসহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়।
গত ৯ জুলাই সাক্ষ্যগ্রহণ শেষ হলে ১১ জুলাই গ্রেফতারকৃত নয় আসামীর পরিচয় নিশ্চিত করে আদালত। এরপর গত ২২ জুলাই যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয় ।
আমিনুল হকের বিরুদ্ধে অনান্য মামলা: জরুরি অবস্থা জারির পর ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে জঙ্গিদের মদদ যোগানোসহ নানা অভিযোগে আরও সাতটি মামলা হয়। এর মধ্যে একটি মামলায় তিনি খালাস পেয়েছেন।
জঙ্গি মদদের অভিযোগে ফজলুর রহমানের দায়ের করা মামলাটিই প্রথম।
এই মামলা দায়েরের এক দিন পরই ১ এপ্রিল আইয়ুব আলী নামে বাগমারার এক ব্যক্তি বাদী হয়ে ব্যারিস্টার আমিনুল হকসহ ৩০ জনকে আসামি করে জঙ্গি মদদের অভিযোগে আরও একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এ বিচারাধীন রয়েছে।
বাংলাভাই বাহিনীর নির্যাতনে মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি মনোয়ার হোসেন বাবুর বাবা মোহসীন আলী গত ১২ জুলাই একটি হত্যা মামলা দায়ের করেন। আমিনুল হক ছাড়াও এ মামলায় সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সাংসদ নাদিম মোস্তফা, রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু ও রাজশাহীর সাবেক পুলিশ সুপার (এসপি) মাসুদ মিয়াসহ ৬৬ জনকে আসামি করা হয়েছে।
আমিনুল হকের বিরুদ্ধে জমি দখল ও সরকারি গাছ কাটার অভিযোগে গোদাগাড়ী থানায় দুটি মামলা হয়েছে। গোদাগাড়ী এলাকার পঙ্গু মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ও আলাউদ্দিন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। অনুরূপ অভিযোগে জনৈক গোলাম মোস্তফা তানোর থানায় আমিনুলের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
জমি দখলের অভিযোগে আমিনুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গোদাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ডা. গোলাম মোস্তফা মাস্টারের দায়ের করা মামলায় ইতোমধ্যে সব আসামিকে খালাস দিয়েছে আদালত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআইআর/জিএনএ/এমআই/এসকে ১৭১৭ ঘ.
bdnews24