ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
তার বিরুদ্ধে অন্য কোন মামলা না থাকলে অনতিবিলম্বে তাকে মুক্তি দিতেও বলেছে আদালত।
বৃহস্পতিবার বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শেখ সেলিমের ছেলে শেখ ফজলে ফাহিমের দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষে এই রায় দেন।
আদালত বলেছে, শেখ সেলিমকে অষ্পষ্ট অভিযোগে আটকাদেশ দেওয়া হয়েছে। জরুরি অবস্থায় বাংলাদেশের কোন নাগরিককে অনির্দিষ্ট অভিযোগে আটক রাখা বেআইনি-- এ কারণে শেখ সেলিমের আটকাদেশ অবৈধ ঘোষণা করা হলো।
গত ২৯ মে শেখ সেলিমকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পর দিন তাকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করা হলে তাকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। ওই আদালত ৩ জুন শেখ সেলিমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো নির্দেশ দেয়। ৫ জুন সরকার শেখ সেলিমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেয়।
এ আটকাদেশের সময় আরো ৯০ দিন বাড়ানো হয়। এদিকে ৩০ মে শেখ সেলিমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়া হয়। এ মামলায় ২৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন রেহানা এবং শেখ সেলিমের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
শেখ সেলিমের পক্ষে হাইকোর্টে মামলা পরিচলনা করেন ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাঈমা হায়দার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৩৩০ ঘ.
bdnews24