নাটোর, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার ভাই আতিকুর রহমান তালুকদারকে বাড়ি পোড়ানোর একটি মামলায় আট বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছে নাটোরের আদালত।
বাড়ি পোড়ানোর এ মামলার রায়ে ৯৪ জন আসামির মধ্যে জেলা যুবদল সাধারণ সম্পাদক বাবুল চৌধুরীসহ পাঁচ জনকে খালাস দেওয়া হয়েছে। দুলু ও তার ভাই বাদে বাকি ৮৭ জনের প্রত্যেককে দেওয়া হয়েছে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রওনক মাহমুদ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মামলার রায় দেন। দুলু ও তার ভাইকে দেওয়া আট বছরের সাজার মধ্যে অগ্নি সংযোগের জন্য পাঁচ বছর, ভাংচুর ও ক্ষতিসাধনের জন্য এক বছর, দাঙ্গা সংঘটনের দায়ে এক বছর এবং হুকুমদাতা হিসেবে আরও একবছর দণ্ড দেওয়া হয়।
তবে আদালতের রায়ে চারটি সাজা একত্রে কার্যকরের কথা উল্লেখ থাকায় সাবেক উপমন্ত্রী ও তার ভাইকে পাঁচ বছর কারাভোগ করতে হবে।
বিচার শুরুর মাত্র ৪৪ দিনের মধ্যে অ্যাডভোকেট দুলুসহ ৯৪ জনের বিরুদ্ধে দায়ের হওয়া ১৮টি বাড়ি পোড়ানো মামলার রায় বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে ঘোষণা করা হয়। জঙ্গিবাদে মদদ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে দুলুর বিরুদ্ধে দায়ের হওয়া ২২টি মামলার মধ্যে এটাই প্রথম রায়।
রায়ের পর আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় দুলু সাংবাদিকদের, "সবই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি কোথাও আগুন লাগাইনি।"
বাড়ি পোড়ার ঘটনা সত্য বলে স্বীকার করলেও এর সঙ্গে তার কোনও সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি।
মামলাটি গত ১২ জুন বিচারের জন্য নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আসার পর ২৭ জুন অভিযোগ গঠন করা হয়। এ মামলায় সরকার পক্ষ থেকে ২৬ জন সাক্ষী উপস্থাপন করা হয়। সর্বশেষ গত ২২ জুলাই সরকার ও আসামিপক্ষের মধ্যে যুক্তিতর্ক শুনানি হয়। বিচার চলাকালে ৯৪ জন আসামির মধ্যে দুলুসহ ২৮ জন আদালতে হাজির ছিলেন। বাকিরা এখনো পলাতক রয়েছেন।
রামশাকাজিপুর গ্রামের আসাদুজ্জামান বাদী হয়ে গত ২৫ ফেব্র"য়ারি বিস্ফোরক ব্যবহার করে বাড়ি পোড়ানোর অভিযোগে দুলুসহ ৯৪ জনকে আসামি করে নাটোরের নলডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।
এজাহারে অভিযোগ করা হয়, ২০০৪ সালের ৭ ফেব্র"য়ারি দুলুর ভাতিজা সাব্বির আহমেদ গামা সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার পর রাজনৈতিক আক্রোশে রামশাকাজিপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে দুলুর নেতৃত্বে হামলা হয়। ৭ ফেব্র"য়ারি রাতে দুলু ও তার ভাই একটি গাড়ি নিয়ে ওই গ্রামে গিয়ে অপর আসামীদের বিস্ফোরক দিয়ে আসে এবং আসাদুজ্জামানের বাড়িতে সাবেক উপমন্ত্রী নিজে আগুন লাগান।
পরে অন্য আসামীরা ওই এলাকার আরও ১৭টি বাড়ি ও ১৫টি দোকানে আগুন ধরিয়ে দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, "আদালতের রায়ে আমি খুশি। ভাবিনি ওই অত্যাচারের বিচার পাব।"
তার দাবি, ক্ষতিগ্রস্তরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আর এ কারণেই প্রতিহিংসাবশত দুলুর নেতৃত্বে ওই হামলা হয়।
সরকার পক্ষের কৌঁসুলি পিপি আব্দুল কাদের, বিশেষ পিপি খন্দকার আব্দুল হাই ও সহকারী পিপি সামশুল ইসলাম ভূইয়াও রায়ে সন্তোষ প্রকাশ করেন।
তবে আসামি পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/এমআই/১৮০৬ ঘ.
bdnews24