২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ আসিয়ান দেশগুলোর টিএসি-তে যোগ দেবে

বাংলাদেশ আসিয়ান দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কোপারেশনে (টিএসি) যোগ দেবে। বুধবার এ সংক্রান্ত একটি প্রস্তাব উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 05:04 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ আসিয়ান দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কোপারেশনে (টিএসি) যোগ দেবে। বুধবার এ সংক্রান্ত একটি প্রস্তাব উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয়। সরকারের তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এই বৈঠক হয়। সভায় জানানো হয়, ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কোপারেশন-এ বাংলাদেশের প্রবেশের বিষয়ে চুক্তি স্বাক্ষরের জন্য পররাষ্ট্র উপদেষ্টা ২ আগস্ট ফিলিপাইন যাবেন। সেখানে চতুর্দশ এশিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) মন্ত্রিপরিষদ সম্মেলনে চুক্তিটি সই হবে। উল্লেখ্য, চার বছরের কূটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশ গত বছর এআরএফ-এর সদস্যপদ পায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের জানান, এশিয়ান রিজিওনাল ফোরামের চেয়ারম্যান বাংলাদেশকে টিএসি-তে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। ১৯৭৬ সালের ২৪ ফেব্র"য়ারি টিএসির প্রতিষ্ঠাকালীন পাঁচটি সদস্য দেশ হল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড। এছাড়া, বৈঠকে ২০০৩-২০১০ মেয়াদে বাস্তবায়নাধীন স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচি, এইচএনপিএসপি আরও গতিশীল করতে প্রণীত একসিলারেটেড সার্ভিস ডেলিভারি প্ল্যান -২০০৭ এর ওপর স্বাস্থ্য মন্ত্রণালয় একটি উপস্থাপনা প্রদান করে। প্রায় ৩২ হাজার কোটি টাকার এ প্রকল্পে সরকারি অংশ প্রায় ১৬ হাজার কোটি টাকা। নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য উপদেষ্টা পরিষদ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার প্রেসসচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/টিএইচ/এমএইচবি/২২৫১ ঘ.