ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুষের মামলা থেকে স্ত্রী সিগমা হুদার অব্যাহতি চেয়ে বুধবার আদালতে কেঁদেছেন বিএনপি নেতা ও সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা।
বিশেষ জজ আদালত- ২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে ৩৪২ ধারায় জবানবন্দি দেওয়ার সময় স্ত্রীকে নির্দোষ দাবি করে এক পর্যায়ে কেঁদে ফেলেন হুদা।
বাষ্পরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, "উনি (সিগমা হুদা) নির্দোষ, তাকে উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় (প্রায় আড়াই কোটি টাকা ঘুষ নেওয়ার মামলা) আসামি করা হয়েছে। অথচ সিগমা হুদা একজন আর্ন্তজাতিক মানবাধিকার কর্মী। জাতিসংঘের মত একটি গুরুত্বপূর্ণ সংস্থায় মর্যাদাশীল পদে তিনি অধিষ্ঠিত। উনি 'খবরের অন্তরালে' পত্রিকার মালিক নন, প্রকাশক মাত্র।" আদালত থেকে এসে জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক প্রদীপ চৌধুরী।
চশমা খুলে চোখ মুছে হুদা এরপর বলেন, "মীর জাহির হোসেন, যিনি ঘুষ দেওয়ার অভিযোগ করেছেন, তিনি আসলে ওই টাকা দিয়েছিলেন খবরের অন্তরালের ৫০ ভাগ শেয়ারের মালিক হওয়ার জন্য। এই সংক্রান্ত একটি চুক্তিও করা হয়েছিল। কিন্তু ওই চুক্তির কাগজসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র যৌথবাহিনী আমার বাসা থেকে নিয়ে যায়। যার কোনো সিজার লিষ্ট করা হয়নি।"
স্ত্রীর সঙ্গে একই মামলার আসামি হুদা আত্মপক্ষ সমর্থন করে বলেন, "আমি নির্দোষ, আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট মামলা দেওয়া হয়েছে।"
তিনি দাবি করেন, "অবৈধ চাপের ফসল এই মামলা। বাদিকে চাপ দিয়ে এটা করানো হয়েছে। এতই প্রবল চাপ প্রয়োগ করা হয়েছে যে, ঘুষ দেওয়ার মত অপরাধের বোঝা ঘাড়ে নিতে দ্বিধা করেননি।"
তিনি বলেন, "দুর্নীতি দমনে চুনোপুটি নয়, রাঘব বোয়াল ধরছি, জনগণকে এই ধারনা দেওয়ার জন্যই সরকার বেছে নিয়েছে বিগত সরকারের আমার মত কিছু মন্ত্রীকে। বিগত সরকারের যোগাযোগ মন্ত্রীর হুমকি-ধামকির গল্প বর্তমান সরকারের যোগাযোগ উপদেষ্টার হুমকি-ধামকির কারণে রচিত হল কিনা এটাই বিবেচ্য বিষয়।"
তার স্ত্রী সিগমা হুদাও নিজেকে নির্দোষ দাবি করে জবানবন্দি দেন। আদালত আগামী রোববার আসামিদের পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়ার দিন ধার্য করেছেন।
এর আগে সকাল সাড়ে নয়টার দিকে তাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ জজ আদালতে আনা হয়।
গত ১১ মার্চ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বাদি হয়ে ধানমণ্ডি থানায় মামলাটি দায়ের করেন। এরপর গত ৫ জুলাই মামলার অভিযোগ গঠন করা হয়। ৯ জুলাই থেকে এ মামলায় মোট ৪০ জন সাক্ষী সাক্ষ্য দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের বড় ভাই ও ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের মালিক মীর জাহির হোসেনের কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা। ঘুষের টাকা সাপ্তাহিক খবরের অন্তরালে নামের পত্রিকার একাউন্টে জমা দেওয়া হয়। যার প্রকাশক সিগমা হুদা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/১৯০৭ ঘ.
bdnews24