ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ এবং বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা এমএ মতিন জানিয়েছেন, বাংলাদেশ বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে (পিএলসি) রূপান্তরের প্রেক্ষিতে শিগগিরই বেসরকারি অপারেটর নিয়োগে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।
বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল উপদেষ্টা আরও জানান, আগামী শুক্রবার বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনে দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষর করা হবে।
উপদেষ্টা জানান অপারেটর নিয়োগ হলে তারাই বিমানকে লাভজনক করার পরিকল্পনা প্রণয়ন করে মন্ত্রণালয়কে পরামর্শ দেবে।
তিনি বলেন, বিমানকে লাভজনক করতে হলে বহরে আরো উড়োজাহাজ প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে আদেশ দিলেও ২০১২ সালের আগে নতুন বিমান পাওয়া সম্ভব নয়। তাই কিছু উড়োজাহাজ ইজারা নিতে হবে। একই সঙ্গে কোন কোন রুট চালু রাখা যাবে তাও বিমানকে বিবেচনা করে দেখতে হবে।
উপদেষ্টা এমএ মতিন বলেন, বিমানের কর্মীদের গোল্ডেন হ্যান্ডশেক নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে তিনি কিছু জানেন না ।
মিয়ানমারের সঙ্গে সড়ক যোগাযোগ চুক্তি বিষয়ে উপদেষ্টা জানান তিনি নিজে এবং সফররত মিয়ানমারের নির্মাণ বিষয়ক মন্ত্রী স' তুন এতে স্বাক্ষর করবেন । উপদেষ্টা বলেন, দুদেশের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপন হলে বাংলাদেশ থেকে সড়ক পথে মিয়ানমার ছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর পর্যন্ত যাওয়া সম্ভব হবে।
উপদেষ্টা জানান, প্রথম পর্যায়ে বাংলাদেশের সীমান্তবর্তী গুনদুম থেকে মিয়ানমারের বলিবাজার পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে দুই কিলোমিটার এবং মিয়ানমারের অভ্যন্তরে ২৩ কিলোমিটার সড়ক নির্মিত হবে।
এতে ১৪১ কোটি টাকা ব্যয় হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে ১৬২১ ঘ.
bdnews24