ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মেঘনা ঘাট বিদ্যুৎ প্রকল্প স্থাপন দুর্নীতি মামলা বাতিলের আবেদনের ওপর শুনানি আগামী ২ আগস্ট পর্যন্ত মূলতুবি করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনার কৌঁসুলি ও সরকার পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।।
শেখ হাসিনার পক্ষে আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ দুই সপ্তাহের সময় চেয়ে আদালতে বলেন, শেখ হাসিনা অন্য একটি মামলায় এখন কারাবন্দি রয়েছেন। পরিবর্তিত অবস্থায় শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে মেঘনাঘাট বিদ্যুৎ প্রকল্প স্থাপন সংক্রান্ত এ মামলার পদক্ষেপ নিতে হবে। এ জন্য সময়ের প্রয়োজন।
সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুর রউফ মিঞা অল্প সময় চেয়ে আবেদন করেন।
তিনি বলেন, ২০০৪ সালে হাইকোর্টের অন্য একটি বেঞ্চে বিষয়টি শুনানি জন্য এসেছিল। তাই বিষয়টি দ্রুত নিস্পত্তি হওয়া উচিত।
ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য সরকারের অনুমতির প্রয়োজন হবে। তাই দুই সপ্তাহ সময় দরকার।
আদালত এক সপ্তাহের জন্য সময়ের আবেদন মঞ্জুর করেন। মেঘনা ঘাট বিদ্যুত প্রকল্প স্থাপন সংক্রান্ত দুর্নীতির মামলাটি খারিজের শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০২ সালের ২ ডিসেম্বর হাইকোর্ট এ মামলাটির কার্যক্রম স্থগিত করে দেন।
মেঘনা ঘাট পাওয়ার প্লান্ট স্থাপনে ১৭ কোটি ৮৯ লাখ ৮৫৭ টাকা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর পরিচালক গোলাম মোস্তফা বাদী হয়ে শেখ হাসিনাসহ চার জনের বিরুদ্ধে২০০১ সালের ১১ ডিসেম্বর রমনা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার আবেদনে বলা হয়, মন্ত্রণালয়ের মতামত উপেক্ষা করে মেঘনা ঘাট বিদ্যুৎ প্রকল্পের প্রথম টেন্ডারের সর্বনিু দর ১২৩ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ৩১৯ টেন্ডার বাতিল করে পুনরায় দরপত্র আহবানের নির্দেশ দিয়ে কাজটি অন্য একটি প্রতিষ্ঠানকে ১৪১ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ২৯৬ টাকায় দেওয়া হয়। এর মাধ্যমে ১৭ কোটি ৮৯ লাখ ১ হাজার ৮৯৭ টাকা আত্মসাৎ করা হয়।
মামলাটির অভিযোগপত্রে শেখ হাসিনা এবং তার দলের সাংসদ সৈয়দ আবুল হোসেন, তার সরকারের বিদ্যুত প্রতিমন্ত্রী অধ্যপক রফিকুল ইসলাম ও এনএম ইসলামকে আসামী করা হয়। পরে ঢাকা মহানগর সেশন জজ আহমেদ জামিলের কোর্টে মামলাটির বিচার কার্য শুরু হয়।
২ ডিসেম্বর ২০০২ তারিখে মামলাটি খারিজের জন্যে হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়। এর ফলে হাইকোর্ট কেন তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি খারিজ করা হবে না জানতে চেয়ে সরকারের প্রতি আদেশ জারি করেন এবং একই সাথে রুলের নিস্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালতে মামলার কার্যক্রম স্থগিত রাখা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৩০০ ঘ.
bdnews24