ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও জামালপুরে বুধবার ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কয়েকশ কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত ও বহু গাছপালা উপড়ে পড়ে। হাতিয়ায় ঘরচাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়।
আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সকাল পৌনে ১০টার দিকে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ও আড়াইসিধা ইউনিয়নের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে অর্ধশত কাঁচা ঘর বিধ্বস্ত এবং বহু গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। ঝড়ে ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আল মামুন দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।
ঘুর্ণিঝড় কবলিত দুর্গাপুর, পোড়াপাড়া, বাহাদুরপুর, বাগমারা, মধুপুর গ্রাম ঘুরে জিয়াউদ্দিন সাংবাদিকদের জানান, ঝড়ে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নোয়াখালী প্রতিনিধি জানান, ভোররাতে চাটখিল উপজেলার মানিকপুর, ইসলামপুর, মুড়াইল, মেঘা, বাইশ সিন্ধুর ও হাতিয়া উপজেলার নঙ্গলিয়ার চরে ঘূর্ণিঝড় আঘাত হানে।
নঙ্গলিয়ায় ঘরচাপা পড়ে আজিমউদ্দিন নামে এক শিশু নিহত হয়। ঝড়ে দুই উপজেলায় শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত এবং কয়েক হাজার গাছপালা উপড়ে পড়ে।
ঝড়ে চাটখিল উপজেলায় অন্তত ২৫ জন আহত হন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আরিফ জানান। ক্ষতিগ্রস্থরা বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করছে।
জামালপুর প্রতিনিধি জানান, সকাল সাড়ে ৬টার দিকে সরিষাবাড়ি ও জামালপুর সদরের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে অন্তত তিন শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়।
সরিষাবাড়ি পৌর এলাকার সাত পোয়া, মুলবাড়ি, সামর্থ বাড়ি, আরাম নগর হাজি বাড়ি, ঝালোপাড়া এলাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। কয়েকটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় সকাল থেকে সরিষা বাড়ির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ঝড়ের সময় ঘর ও গাছপালা চাপা পড়ে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এ দিকে একই সময় জামালপুর সদরের নারিকেলি এলাকায় ঝড়ে বেশ কিছু ঘর-বাড়ি ও অসংখ্য গাছপালা উপড়ে পড়ে।
কুমিল্লা প্রতিনিধি জানান, সকাল ৭টার দিকে মুরাদনগর উপজেলার কয়েকটি গ্রামের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে বেশ কয়েকটি কাঁচা ঘরসহ দুটি স্কুল ও একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়।
ঝড়ে মুরাগড়া গ্রামে ৩১টি ঘর, নয়টি দোকান, একটি স্কুল ও একটি মসজিদ, শোলাপুকুরিয়া গ্রামে চারটি ঘর ও একটি স্কুল এবং ভবানীপুর গ্রামে ১০টি ঘর ক্ষতিগ্রস্ত হয় বলে জানান মুরাদনগর থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম।
চাঁদপুর প্রতিনিধি জানান, বুধবার ভোরে হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সুহিলপুর বাজার সংলগ্ন দাইবাড়ি গ্রামে আঘাত হানে ঘূর্ণিঝড়। এতে ১৪টি বসতঘর ও দুটি দোকান বিধ্বস্ত হয় বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন।
ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় ওই এলাকা বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়েছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০১ ঘ.
bdnews24