চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ব্যবসায়ী জানে আলম হত্যা মামলার রায়ে ১২ জনকে ফাঁসি ও আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
চট্টগ্রাম প্রথম অতিরিক্ত দায়রা জজ রেজাউল করিম মঙ্গলবার বিকালে এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- জহিরুল ইসলাম, শামসুল ইসলাম, নাজিম উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, মো. ইউসুফ, জসীম উদ্দিন, নাসির উদ্দিন, আব্দুল মালেক, আইয়ুব আলী, সৈয়দ আহমদ ও কলিম উল্ল্যাহ।
এছাড়া নূরজাহান বেগম, শাহেদা বেগম, শাহিনা আকতার, আনোয়ারা বেগম, ইয়াসমিন আখতার, তসলিমা আখতার, রাজিয়া বেগম ও রাজু বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে নূর আলম নামে একজনকে।
সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত জেলা পিপি এনামুল হক চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যবসায়ী জানে আলমকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আট নারী আসামীকে ১০ হাজার টাকা করে জরিমানাও করেছেন আদালত।
তিন জন নারী আসামি মঙ্গলবার বিকালে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন বলে জানান এনামুল হক। রায়ের পর এক বছরের শিশুসহ ইয়াসমিন আখতার, আনোয়ারা বেগম ও তসলিমা আখতারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বাকিরা পলাতক রয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ সেলিম জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করা হবে।
মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্র"তার জের ধরে ২০০২ সালের ৩০ মার্চ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় বাড়ি থেকে ব্যবসায়ী জানে আলমকে ডেকে নেয় অভিযুক্তরা। এরপর বাড়ির অদূরে তাকে কুপিয়ে মারাত্মক আহত করে তারা। পরে হাসপাতালে নেওয়ার পর জানে আলম মারা যান।
এ ঘটনায় লোহাগাড়া থানার উপ-পরিদর্শক উদয়ন চাকমা বাদী হয়ে মামলা দায়ের করেন।
২০০৪ সালের ৯ জুন আদালতে মামলার অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/১৯৪১ ঘ.
bdnews24