ঢাকা ২২ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভিকারুন্নিসা কলেজের মেধাবী ছাত্রী সাদিয়া নওশীন প্রিয়াঙ্কার বাবা সুলতান ফারুখ বলেছেন, মেয়ে আত্মহত্যা করেছে একথা তিনি বিশ্বাস করতে পারছেন না।
ময়না তদন্ত প্রতিবেদনে সাদিয়া আত্মহত্যা করেছে বলে উল্লেখ করা হয়েছে।
সুলতান ফারুখ লাশের পুনঃময়না তদন্তের দাবি জানিয়ে বলেছেন, "আমি এখনও ময়না তদন্ত প্রতিবেদন হাতে পাইনি। তবে রোববারের বিভিন্ন পত্রিকায় লেখা হয়েছে যে, আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি এর সম্পূর্ণ বিরোধিতা করি। সে আত্মহত্যা করতে পারে না।"
সাদিয়ার বাবা যুক্তি দেখিয়ে বলেন, "সে যদি আত্মহত্যা করতো তবে গলায় প্যাঁচানো ওড়নায় তিন-চারটা গিট থাকতো না। মেঝেতে শুয়ে কেউ আত্মহত্যা করতে পারে না। আর তার ঘরের দরজার বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল। আত্মহত্যা করলে কে লাগালো ছিটকিনি?"
তিনি বলেন, "১৫ জুলাই আমি সিলেট গিয়েছিলাম। সে আমাকে খুশি মনে বিদায় দিয়েছে। ১৬ তারিখ সে মায়ের কেনা নতুন পোশাক পরে তাকে দেখিয়েছে।"
সুলতান ফারুখ লাশের পুনঃময়নাতদন্তের দাবি করেন।
তবে রমনা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দৌলত আকবর রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়না তদন্তের রিপোর্টে সংশ্লিষ্ট চিকিৎসক স্বাভাবিক আত্মহত্যাই মৃত্যুর কারণ হিসাবে উল্লেখ করেছেন। তবে এরপরও আমরা তদন্ত চালিয়ে যাবো। এ জন্য তার বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে অ্যাডভোকেট সায়মা এবং জাতীয় গোয়েন্দা সংস্থার উপ--সহকারি পরিচালক শেখ আতিয়ার রহমান হত্যাকান্ডের তদন্তে এখনও বড় কোন অগ্রগতি হয়নি।
অ্যাডভোকেট সায়মা হত্যাকান্ডের ব্যাপারে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরীয়া রোববার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গৃহপরিচারিকা আলেয়া ও মীনাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ওই বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করতো এমন কয়েকজনের নাম পাওয়া গেছে। আলেয়া ও মিনা তাদের চেহারার বর্ণনা দিয়েছে। এর সূত্র ধরেই পুলিশ সম্ভাব্য খুনির সন্ধান করছে।
অন্যদিকে এনএসআই কর্মকর্তা শেখ আতিয়ার রহমান হত্যাকান্ডের তদন্ত কর্মকর্তা আব্দুল হাকিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, আতিয়ার সর্বহারা-অধ্যুুষিত অঞ্চল কুষ্টিয়ায় চাকুরী করতেন। স্বার্থ ক্ষুন্ন হওয়ায় কোন চরমপন্থী গ্র"পও এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ কারণে তদন্তেসর্বহারাদের ব্যাপারটিও উড়িয়ে দেওয়া হচ্ছে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/জিএমএ/এসকে ২১৫১ ঘ.
bdnews24