২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭তম বিসিএস ফল বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্টের জিজ্ঞাসা

২৭তম বিসিএস মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে পরীক্ষায় উত্তীর্ণ ১৩ জনের দায়ের করা আলাদা তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 01:41 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২৭তম বিসিএস মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে পরীক্ষায় উত্তীর্ণ ১৩ জনের দায়ের করা আলাদা তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন। সরকারকে কারণ দর্শাতে তিন সপ্তাহ সময় দিয়ে ওই আদেশে বলা হয়, ২৯ জুলাই থেকে অনুষ্ঠেয় ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষা হতে পারবে, তবে এই রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ করা যাবে না। রিট আবেদনে বলা হয়, আবেদনকারীরা ২৭তম বিসিএস এর প্রাথমিক, লিখিত, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গত ২২ জানুয়ারি তাদের চূড়ান্ত ফলও প্রকাশ করা হয়েছে। কিন্তু কোনো কারণ না দেখিয়ে ও কোনো অভিযোগ ছাড়াই সংস্থাপন মন্ত্রণালয়ের নির্দেশে ১ জুলাই সরকারি কর্মকমিশন ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে। ১২ জুলাই এক আদেশে ২৯ জুলাই থেকে আবারো মৌখিক পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করা হয়। ওই আবেদনে আরও বলা হয়, গত ৩০ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফল বাতিলের প্রস্তাব অনুমোদন হয়। ১২ জুন সংস্থাপন মন্ত্রণালয় এ বিষয়ে কমিশনকে নির্দেশ দেয়। কিন্তু এ ধরনের নির্দেশ দেওয়ার কোনো এখতিয়ার সংস্থাপন মন্ত্রণালয়ের নেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জেকে/এমএইচবি/১৯৩১ ঘ.