ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যেসব পত্রিকার প্রকাশনা অনিয়মিত হয়ে পড়েছে সেগুলোর নাম মিডিয়া তালিকা থেকে বাদ দিতে শুরু করেছে সরকার। একইসঙ্গে বাতিল করা হচ্ছে এসব পত্রিকা প্রকাশের অনুমোদনও।
এ পর্যন্ত ৮৯টি পত্রিকার নাম সরকারের মিডিয়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ৩০টিরও বেশি পত্রিকার প্রকাশনা বাতিল করা হয়েছে।
এ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "নিয়মিত প্রকাশিত না হলে অহেতুক নামসর্বস্ব পত্রিকা রাখার কোনো প্রয়োজন নেই।"
তিনি বলেন, "ইতোমধ্যে বেশ কিছু পত্রিকার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোর বিরুদ্ধেও একই ধরণের ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক (ডিজি) সনৎ কুমার বিশ্বাস বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "প্রকাশনা অনিয়মিত হওয়ায় সারাদেশে ৮৯টি পত্রিকা সরকারের মিডিয়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত ৫৯টি দৈনিক পত্রিকা রয়েছে।"
মিডিয়া তালিকা থেকে বাদ পড়া পত্রিকাগুলোর মধ্যে ৩০টির বেশি দৈনিকের প্রকাশনা এরই মধ্যে বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে সনৎ কুমার বলেন, "ঢাকা থেকে প্রকাশিত যেসব দৈনিক পত্রিকার প্রচার-সংখ্যা প্রতিদিন ছয় হাজারেরও কম এবং ঢাকার বাইরের যেসব দৈনিক পত্রিকার প্রচারসংখ্যা প্রতিদিন তিন হাজারের কম সেসব পত্রিকা মিডিয়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যেসব দৈনিক মাসে ২৫ দিনেরও কম বের হয়েছে সেগুলোও তালিকা থেকে বাদ পড়েছে। "
ডিএফপির মহাপরিচালক বলেন, সরকারের মিডিয়া তালিকাভুক্ত সব দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করার কাজ চলছে। পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো জানান, সরকারের মিডিয়া তালিকা থেকে ৮৯টি পত্রিকার নাম বাদ দেওয়ার পর সারাদেশে দৈনিক পত্রিকার সংখ্যা ৩৪৫ এ দাঁড়িয়েছে। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে ১৩১টি। অন্যদিকে সারা দেশে সাপ্তাহিক পত্রিকা আছে ২১৩ টি। ঢাকা থেকে প্রকাশিত হয় ১১৯টি সাপ্তাহিক।
ঢাকা থেকে প্রকাশিত যেসব দৈনিকের নাম সরকারের মিডিয়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে - দৈনিক বাংলার বাণী, আমাদের দিনগুলো, নয়া জামানা, পূর্বাভাস, আজকের জনদেশ, আজকের জনমত, ফসল, আমার বাংলা, আল মুজাদ্দেদ, একুশের বাণী, ঘোষণা, সবুজ বাংলা, বিরল, জলছাপ, ইনসানিয়াত, খেলাফত, উষার বাণী, নাগরিক, আবির্ভাব, ইসতেহাদ, শুভদিন, কলধ্বনি, আজকের আশা, দেশের চিঠি, স্পষ্টবাদী, খোলা কাগজ, প্রথম বার্তা, বিকাল বার্তা, সত্যাচার, অর্থনীতি, আমার বাংলা, অর্থনীতির কাগজ, বিকেলের কাগজ, পত্রিকা প্রতিদিন, জনপদ, আজকের দর্পন, অপরাধকণ্ঠ, নবকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, আজকের অমৃতবাজার, বাংলার দূত, চব্বিশ ঘণ্টা ও শ্যামবাজার।
তথ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অভিযোগ করেন, "ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কেউ কেউ নামেমাত্র পত্রিকা প্রকাশ করে থাকেন। তারা সরকারের মিডিয়া তালিকাভুক্ত হয়ে বিজ্ঞাপন, নিউজপ্রিন্ট বরাদ্দ ও অ্যাক্রিডিটেশন কার্ডের সুবিধা ভোগ করেন, অথচ নিয়মিত পত্রিকা প্রকাশ করেন না।"
ওই কর্মকর্তা জানান, ওইসব পত্রিকার মালিকরা নিয়ম অনুযায়ী টানা ৯০ দিন পত্রিকা প্রকাশের পর সরকারের তালিকাভুক্তির জন্য আবেদন করেন। কিন্তু তালিকাভুক্ত হওয়ার পরপরই তারা পত্রিকার প্রকাশনা অনিয়মিত করে ফেলেন। বিজ্ঞাপন পেলে তবেই পত্রিকার কোনো সংখ্যা বের করেন তারা। পাশাপাশি বরাদ্দ পাওয়া নিউজপ্রিন্ট বাজারে বিক্রি করে দেন।
এছাড়া অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়ার পর সচিবালয়ে 'তদবির ব্যবসায়' জড়িয়ে পড়েন এসব পত্রিকার সাংবাদিকরা। স
bdnews24