ঝিনাইদহ, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শহরের নবগঙ্গা নদীর পাড়ে শুক্রবার গভীর রাতে গাছচাপা পড়ে একই পরিবারের তিন সদস্য নিহত এবং একজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন চাঁদ মিয়া (৪০), তার দুই মেয়ে চাঁদনী (১২) ও সাথী (২)। আহত জাবেরুন্নেসা (৩২) চাঁদ মিয়ার স্ত্রী।
ঝিনাইদহ থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ মাহমুদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদ মিয়ার পরিবারসহ আরও কয়েকটি হতদরিদ্র পরিবার জেলখানার উত্তরপাশে নবগঙ্গা নদীর ধারে ঝুপড়ি ঘর তুলে বাস করছিল। রাত ১২টার দিকে প্রবল বর্ষণের সাথে দমকা হাওয়ায় একটি শতবর্ষী পুরোনো দেবদারু গাছ উপড়ে চাঁদ মিয়ার ঘরের উপর পড়লে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
জাবেরুন্নেসাকে ঝিনাইদহ সদর হাসাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এসি/১১৫২ ঘ.
bdnews24