২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবল বর্ষণে চট্টগ্রাম ও ফেনীর নিম্নাঞ্চল প্লাবিত

প্রবল বর্ষণে চট্টগ্রামের ছয়টি ও ফেনীর দুটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। বন্ধ হয়ে গেছে বাঁশখালী-সাতকানিয়া ও ফেনী-পরশুরাম সড়ক যোগাযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 04:48 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

চট্টগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণে চট্টগ্রামের ছয়টি ও ফেনীর দুটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। বন্ধ হয়ে গেছে বাঁশখালী-সাতকানিয়া ও ফেনী-পরশুরাম সড়ক যোগাযোগ। আমাদের চট্টগ্রাম প্রতিবেদক জানান, শুক্রবার সারাদিন শহর ও বিভিন্ন উপজেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে। নগরীর জলাবদ্ধতা এখনও কাটেনি। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁশখালী-সাতকানিয়া সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, রাউজান ও ফকিছড়ির প্রায় দেড়'শ গ্রামে বন্যা দেখা দিয়েছে। নগরীর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ লালখান বাজার ও মতিঝর্না এলাকার ওয়ার্ড কমিশনার এএফ কবির আহমদ মানিক জানান, ডেবার পাড় এলাকার বায়তুল আমান আবাসিক কলোনির কাছে শুক্রবার ভোর রাতের দিকে একটি পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি। বৃষ্টিতে নগরীর মুরাদপুর, চকবাজার, বাকলিয়া ডিসি রোড, হালিশহর, আগ্রাবাদ সিডিএ কলোনি ও হাজিপাড়া এলাকার অধিবাসীরা সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে রয়েছেন। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরী ও আশপাশের এলাকায় ৯৬ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাষে উল্লেখ করা হয়েছে। আমাদের ফেনী প্রতিনিধি জানান, দুদিনের টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ফুলগাজী ও পরশুরামে বন্যা দেখা দিয়েছে। শুক্রবার সকাল থেকে ফেনী-পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাউরমুখা, বাইরপাথর, শালধর, সলিয়া, ডিএম সাহেবনগর, চিথলিয়া, পরশুরাম পৌর এলাকাসহ বিভিন্ন গ্রামে বন্যা দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। ফুলগাজীর স্থানীয় ব্যবসায়ী নিলু মজুমদার জানান, ফেনী-পরশুরাম সড়ক দ্ইু থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে। মুহুরী নদীর পানি বেড়ে জয়পুর, দৌলতপুর, বরইয়া, নিলখিম শ্রীপুরসহ বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। ফুলগাজীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, "হঠাৎ বন্যায় ফুলগাজী উপজেলার নিুাঞ্চল পুরোটাই প্লাবিত হয়েছে। তবে আমরা সতর্ক আছি। প্রয়োজনে বন্যার্তদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।" তিনি জানান, খনিয়ামোড়াসহ বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে চিড়া, মুড়ি, গুড় ও মোমবাতি বিতরণ করা হয়েছে। শুক্র ও শনিবার জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে নগদ অর্থ ও শুকনো খাবার দেওয়া হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/ডিডি/জেকে/২২৪৭ ঘ.