ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ নেতা ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার রায় দেওয়া হবে আগামী ২৬ জুলাই।
আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের টানা চারদিন যুক্তিতর্কের পর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশেষ জজ আদালত--৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিন রায়ের এ তারিখ ধার্য করেন।
অভিযোগ প্রমাণিত হলে আসামির তিন থেকে তের বছরের কারাদণ্ড, অর্থদণ্ড এবং অবৈধভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন,"রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমি আসামিকে স-সম্মানে খালাস দেওয়ার জন্য আদালতের প্রতি আবেদন করছি।"
জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান বিভিন্ন তথ্য-প্রমাণ এবং সাক্ষ্যে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে দাবি করে আসামির দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির আবেদন করেন।
দুর্নীতি দমন কমিশনে দেওয়া সম্পত্তির হিসাব বিবরণীতে তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে মহীউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে কমিশনের উপ-পরিচালক জীবন কৃষ্ণ রায় বাদি হয়ে গত ৬ মার্চ তেজগাঁ থানায় মামলা দায়ের করেন।
২৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপ--পরিচালক শারমীন ফেরদৌসী ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসামি ৬টি স্থায়ী আমানতের (এফডিআর) মোট ১ কোটি ১৭ লাখ টাকা কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে গোপন করেছেন।
এরপর কমিশনের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। ওই অভিযোগপত্রে জনাব আলমগীরের ২ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬০ টাকার অবৈধ সম্পত্তির খোঁজ পাওয়ার কথা বলা হয়।
গত ২৭ মে মামলাটির অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য গ্রহণ শুরু হয় ২৯ মে থেকে। মামলায় অভিযোগপত্রভূক্ত ৩৭ জন সাক্ষী সাক্ষ্য দেন। এর বাইরে আরও একজন এবং আসামির পক্ষে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান, ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, অর্থনীতিবিদ আবুল বারাকাত এবং আমেরিকা--বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফরেস্ট কুক ও প্রকৌশলী মো. শহীদুল্লাহসহ মোট সাত জন সাফাই সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষ হয় ১২ জুলাই।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে ২০০৭ ঘ.
bdnews24