ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ভিকারুন্নিসা কলেজের মেধাবী ছাত্রী সাদিয়া নওশীন হত্যা মামলার কোনও সূত্র খুঁজে পায়নি পুলিশ।
ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে সাদিয়ার লাশ স্বজনদের হস্তান্তর করা হয়। বিশেষ কিছু আলামত প্যাথলজিকাল পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
রমনা থানার কর্তব্য কর্মকর্তা মাহিরা খানম জানান, মামলার এজাহারে কোনও আসামীর নাম উল্লেখ না করা হলেও বলা হয়েছে সাদিয়ার ছোট মামা জাহেদুল ইসলাম রিন্টু এ হত্যায় সংশ্লিষ্ট থাকতে পারে।
মাহিরা খানম বলেন রিন্টু আগে ওই বাড়িতেই থাকতো। বখাটে স্বভাবের কারণে সাদিয়ার মা শামসুন্নাহার তাকে বাড়ি থেকে বের করে দেন । এটা নিয়ে সে বিভিন্ন সময় নানারকম হুমকি দিয়েছিল।
জিজ্ঞাসাবাদের জন্য আটক বাড়ির দারোয়ান শাহজাহান আলী কোনও তথ্য দিতে পারেনি ।
বুধবার দুপুরে পেয়ারাবাগের ৫৩৬/১ নম্বর বাড়ির পাঁচতলার ফ্ল্যাটে সাদিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে পাস করেছিল।
বুধবার রাতে নিহতের বাবা সুলতান ফারুক বাদী হয়ে অজ্ঞাত খুনীকে আসামী করে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।
রবিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এসকে ১৯৩৬
bdnews24